ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারত, রুদ্ধশ্বাস ম্যাচে ৭ রানের জয় The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারত, রুদ্ধশ্বাস ম্যাচে ৭ রানের জয়

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 5, 2026 ইং
ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারত, রুদ্ধশ্বাস ম্যাচে ৭ রানের জয় ছবির ক্যাপশন:

রুদ্ধশ্বাস লড়াই আর চার-ছক্কার বৃষ্টিতে জমে ওঠা ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেষ পর্যন্ত ৭ রানের ব্যবধানে জয় পায় স্বাগতিকরা।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৫৩ রান। জবাবে ইংল্যান্ড শেষ পর্যন্ত ২৪৬ রানে থেমে গেলে ফাইনালের টিকিট নিশ্চিত করে ভারত।

রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড। দ্বিতীয় ওভারের প্রথম বলেই আউট হয়ে ফেরেন ওপেনার ফিল সল্ট। হার্দিক পান্ডিয়ার বলে অক্ষর প্যাটেলের হাতে ক্যাচ দিয়ে ৫ রান করে সাজঘরে ফেরেন তিনি। কিছুক্ষণ পর দলনেতা হ্যারি ব্রুকও বেশি সময় ক্রিজে থাকতে পারেননি। ৬ বলে ৭ রান করে তিনিও আউট হন।

পাওয়ার প্লের মধ্যেই আরও একটি উইকেট হারালেও ইংল্যান্ডের রান তোলার গতি কমেনি। প্রথম ছয় ওভারেই স্কোরবোর্ডে উঠে যায় ৬৮ রান। এরপর ব্যাট হাতে ঝড় তোলেন জ্যাকব বেথেল। তাকে সঙ্গ দেন টম ব্যান্টন ও উইল জ্যাকস। ব্যান্টন ৫ বলে ১৭ এবং জ্যাকস ২০ বলে ৩৫ রান করে আউট হলেও বেথেল নিজের তাণ্ডব চালিয়ে যান।

মাত্র ১৯ বলেই অর্ধশতক পূর্ণ করেন বেথেল। পরে সেই ইনিংসকে সেঞ্চুরিতে রূপ দেন তিনি। শেষ পর্যন্ত ৪৮ বলে ১০৫ রান করে থামেন এই ব্যাটার। তার ইনিংসে ছিল সাতটি চার ও আটটি ছক্কা। তবে ব্যক্তিগত এই দুর্দান্ত ইনিংসও ইংল্যান্ডকে জয় এনে দিতে পারেনি। স্যাম কারান ১৪ বলে ১৮ রান করেন।

ভারতের হয়ে বল হাতে সর্বোচ্চ দুটি উইকেট নেন হার্দিক পান্ডিয়া। এছাড়া চারজন বোলার একটি করে উইকেট শিকার করেন।

এর আগে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা ভালো হয়নি। ওপেনার অভিষেক শর্মা মাত্র ৯ রান করে আউট হন। তবে এরপর স্যাঞ্জু স্যামসন ও ইশান কিষাণ মিলে দারুণ একটি জুটি গড়েন। দ্বিতীয় উইকেটে তাদের জুটিতে আসে ৯৭ রান।

ইশান কিষাণ ১৮ বলে ৩৯ রান করে আউট হলেও স্যামসন ব্যাট হাতে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকেন। সেঞ্চুরির খুব কাছাকাছি পৌঁছে গেলেও শেষ পর্যন্ত ৪২ বলে ৮৯ রান করে আউট হন তিনি। তার ইনিংসে ছিল আটটি চার ও সাতটি ছক্কা।

দ্রুত রান তোলার জন্য শিবম দুবেকে চার নম্বরে নামানো হয় এবং তিনি দলকে নিরাশ করেননি। ২৫ বলে একটি চার ও চারটি ছক্কার সাহায্যে ৪৩ রান করেন তিনি। দলনেতা সূর্যকুমার যাদব ৬ বলে ১১ রান করে আউট হন। শেষ দিকে হার্দিক পান্ডিয়া ১২ বলে ২৭ এবং তিলক ভার্মা ৭ বলে ২১ রান করে দলের সংগ্রহ বড় করতে ভূমিকা রাখেন।

ইংল্যান্ডের হয়ে বল হাতে উইল জ্যাকস ও আদিল রশিদ দুটি করে উইকেট নেন। জোফরা আর্চার একটি উইকেট শিকার করেন।

রানবন্যার এই ম্যাচে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসে ভারত। ফলে ইংল্যান্ডকে বিদায় জানিয়ে বিশ্বকাপের ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করে স্বাগতিকরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পে স্কেল বাস্তবায়নের দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা

পে স্কেল বাস্তবায়নের দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা