নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস দমনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। রূপগঞ্জ শিল্পাঞ্চল হিসেবে পরিচিত হওয়ায় অপরাধ প্রবণতা বেশি এবং এখানে মাদক ব্যবসা দীর্ঘদিনের সমস্যা। দেশের বিভিন্ন রুট দিয়ে মাদক এখানে প্রবেশ করে এবং গত ১৬ বছর ধরে রূপগঞ্জ মাদকের একটি ডিপো হিসেবে পরিচিত ছিল।
অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রশাসন মাদকের উপর নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হলেও, এবার এমপি দিপু ভূঁইয়া কঠোর অবস্থান নিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, “রূপগঞ্জে মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোনো জায়গা থাকবে না। পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, মাদক ব্যবসায়ী আমার আত্মীয়স্বজন হলেও ছাড় নেই। আমি মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলাম।”
এই নির্দেশের প্রেক্ষিতে পুলিশ ইতিমধ্যেই বিভিন্ন মাদক স্পটে সাঁড়াশি অভিযান শুরু করেছে। বিশেষ করে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রকে লক্ষ্য করে বুধবার রাতে অভিযান পরিচালনা করা হয়েছে। চনপাড়া এলাকার রিকসাচালক হাতেম আলী বলেন, “এবার বুঝি চনপাড়ার পাপ মোচন হবে। আগে কখনো কেউ মাদক সমস্যার সমাধান করেনি। এবার দিপু ভূঁইয়া এমপি ব্যবস্থা নিয়েছেন। তিনি বাপের ব্যাডা। ওনার প্রতি আমাদের লাল সালাম।”
একইভাবে স্থানীয় গৃহিণী খাদিজা বেগমও বলেন, “আল্লাহ দিপু ভূঁইয়ারকে বাঁচাইয়া রাখুক। আমাদের এমন এমপিরই দরকার। চনপাড়া অনেকটা নষ্ট হয়ে গিয়েছিল। এবার মাদকের বিরুদ্ধে জেহাদ শুরু হয়েছে।”
সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান জানিয়েছেন, “চনপাড়া মাদকের আখড়া হিসেবে পরিচিত। এমপির নির্দেশ অনুযায়ী চনপাড়া সহ রূপগঞ্জের অন্যান্য এলাকাতেও মাদক ব্যবসায়ীদের কোনো জায়গা হবে না। বুধবার রাতে চনপাড়ায় চিরুনি অভিযান চালানো হয়েছে। অভিযানটি পর্যায়ক্রমে রূপগঞ্জের অন্যান্য এলাকায়ও চলবে।”
এমপি দিপু ভূঁইয়ারের এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আশার বাতাস বয়ে দিয়েছে। দীর্ঘদিন ধরে মাদক প্রবণতার কারণে এলাকার মানুষ আতঙ্কে বসবাস করলেও, এমপির নির্দেশে পুলিশি অভিযান শুরু হওয়ায় তারা পুনরায় নিরাপত্তা অনুভব করছেন।
রূপগঞ্জের প্রশাসন ও পুলিশ মাদকবিরোধী অভিযানে ধাপে ধাপে আরও একাধিক স্পট লক্ষ্য করবে এবং আইনত ব্যবস্থা নেবে। এমপি দিপু ভূঁইয়ারের দৃঢ় অবস্থান ও নির্দেশনা স্থানীয় জনগণের মধ্যে নতুন উদ্দীপনা যোগ করেছে। মাদক ও অপরাধমুক্ত রূপগঞ্জ গঠনে এই অভিযানকে স্থানীয়রা ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন।
কসমিক ডেস্ক