জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাতে মুসল্লিদের ঢল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাতে মুসল্লিদের ঢল

  • নিউজ প্রকাশের তারিখ : May 28, 2026 ইং
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাতে মুসল্লিদের ঢল ছবির ক্যাপশন: জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নিতে মুসল্লিদের উপচে পড়া ভিড়।

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ ও আনন্দঘন পরিবেশে সারা দেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। রাজধানী ঢাকায় ঈদের প্রধান জামাতকে ঘিরে জাতীয় ঈদগাহ ময়দানে ভোর থেকেই মুসল্লিদের ঢল নামে।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় রাজধানীর জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। নামাজ শেষে তিনি খুতবা পাঠ করেন এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন।

দোয়া শেষে তিনি উপস্থিত মুসল্লিদের ঈদের শুভেচ্ছা জানান। ঈদের প্রধান জামাতে অংশ নিতে ফজরের পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা জাতীয় ঈদগাহের উদ্দেশ্যে রওনা হন। জামাত শুরুর প্রায় দুই ঘণ্টা আগ থেকেই ঈদগাহ ময়দানে প্রবেশ করতে শুরু করেন হাজার হাজার মুসল্লি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে মুসল্লিদের মাঠে প্রবেশ করতে দেখা যায়। জাতীয় প্রেস ক্লাব এলাকা, মৎস্যভবন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকায় দীর্ঘ সারিতে দাঁড়িয়ে মুসল্লিদের ঈদগাহে প্রবেশ করতে দেখা যায়। পুরো এলাকায় নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে পুলিশ, র‍্যাব ও অন্যান্য বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।

ঈদের প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকরাও জামাতে শরিক হন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, জাতীয় ঈদগাহ মাঠ এবং আশপাশের সড়ক ও খোলা জায়গা মিলিয়ে প্রায় ৯০ হাজার থেকে এক লাখ মুসল্লির একসঙ্গে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। মুসল্লিদের সুবিধার্থে পর্যাপ্ত অজুখানা, মেডিক্যাল টিম এবং আলাদা প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থাও রাখা হয়।

এদিকে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এবার পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে। জামাতগুলোর সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে। এরই মধ্যে প্রথম ও দ্বিতীয় জামাত সম্পন্ন হয়েছে।

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮টায় দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া সলিমুল্লাহ মুসলিম হল মসজিদ, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল লন এবং ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের খেলার মাঠেও পৃথক ঈদ জামাতের আয়োজন করা হয়।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাতেও সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে মুসল্লিরা ঈদুল আজহার নামাজ আদায় করেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নরসিংদীর মাধবদীতে কিশোরী হত্যাকাণ্ড: রাজনৈতিক প্রশ্রয়ের অভিয

নরসিংদীর মাধবদীতে কিশোরী হত্যাকাণ্ড: রাজনৈতিক প্রশ্রয়ের অভিয