শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায় সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় শ্রমিক দলের নেতা জয়নুদ্দিন ঢালী এর মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত জয়নুদ্দিন ঢালী খাটরা গ্রামের মৃত মোসলেম ঢালীর ছেলে। তিনি গোসাইরহাট ইউনিয়ন শ্রমিক দলের সদস্য ছিলেন এবং তিন মাস আগে প্রবাস থেকে দেশে ফিরে আসেন।
রোববার রাতে খাবার শেষে তিনি বাড়ি থেকে বের হন এবং আর ফেরেননি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে থানায় বিষয়টি জানান। পরে সোমবার বিকেলে বাড়ির পাশের একটি বিলের মধ্যে আমগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
গোসাইরহাট ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জসিম সিকদার বলেন, জয়নুদ্দিন ঢালী খুবই ভালো মানুষ ছিলেন। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করছি।
গোসাইরহাট থানার উপপরিদর্শক (এসআই) সজিবুল জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কসমিক ডেস্ক