প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ফটোগ্রাফার হলেন পাবনার খালেদ হোসেন পরাগ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ফটোগ্রাফার হলেন পাবনার খালেদ হোসেন পরাগ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 5, 2026 ইং
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ফটোগ্রাফার হলেন পাবনার খালেদ হোসেন পরাগ ছবির ক্যাপশন:

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত ফটোগ্রাফার হিসেবে নিয়োগ পেয়েছেন পাবনার অভিজ্ঞ ফটোসাংবাদিক খালেদ হোসেন পরাগ। মঙ্গলবার (৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, খালেদ হোসেন পরাগকে অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে চুক্তিভিত্তিক ফটোগ্রাফার পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি জাতীয় বেতন স্কেলের গ্রেড-৯ এর সর্বশেষ ধাপে বেতন ও অন্যান্য প্রাপ্য সুবিধা পাবেন। নিয়োগ কার্যকর থাকবে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি পর্যন্ত।

খালেদ হোসেন পরাগ প্রায় তিন দশক ধরে ফটোসাংবাদিকতা ও সাংস্কৃতিক-রাজনৈতিক অঙ্গনে সক্রিয়। তিনি পেশাগত জীবন শুরু করেছিলেন দৈনিক দিনকাল পত্রিকায় ফটোসাংবাদিক হিসেবে। এছাড়া তিনি বিএনপির অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর পাবনা জেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি পাবনায় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে আজকের প্রজন্ম ফোরাম, হেডে ক্রিয়েটিভ গ্রুপ, পাবনা ফটোগ্রাফারস ফোরাম, পাবনা সাইক্লিস্ট ফোরাম, মাইপাবনা ডট কম, পাবনা ফিল্ম সোসাইটি এবং পাবনা ইয়াং জার্নালিস্ট ফোরাম। এসব সংগঠনের মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে তরুণদের সাংস্কৃতিক চর্চা, সৃজনশীলতা ও পেশাগত দক্ষতা উন্নয়নে কাজ করে আসছেন।

খালেদ হোসেন পরাগের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ ‘ছবির গল্প বাংলাদেশ’। এই প্ল্যাটফর্মের মাধ্যমে তিনি প্রায় দুই দশক ধরে বিএনপি ও জিয়া পরিবারের গুরুত্বপূর্ণ মুহূর্ত ক্যামেরাবন্দি ও সংরক্ষণ করেছেন। ২০০৬ সালে প্রকাশিত তরুণ তারেক রহমানের ইউনিয়ন প্রতিনিধি সভার বিস্তৃত ফটোডকুমেন্টেশন “ছবির গল্প” এবং মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামের ফটোডকুমেন্টেশন “দেশনেত্রী” তার উল্লেখযোগ্য কাজের মধ্যে অন্যতম।

গত দুই দশক ধরে তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জীবন, রাজনৈতিক সংগ্রাম এবং বিভিন্ন কর্মসূচি নিয়ে অসংখ্য আলোকচিত্র প্রদর্শনী, সেমিনার ও আলোচনাসভার আয়োজন করেছেন।

এনিয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, খালেদ হোসেন পরাগ প্রধানমন্ত্রীর দাপ্তরিক কার্যক্রম, রাজনৈতিক কর্মসূচি, রাষ্ট্রীয় সফর, সভা-সমাবেশ ও গুরুত্বপূর্ণ বৈঠকের আলোকচিত্র ধারণ, সংরক্ষণ ও নথিবদ্ধ করার দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচির ভিজ্যুয়াল ডকুমেন্টেশন ও আর্কাইভ সংরক্ষণেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দক্ষিণ ইথিওপিয়ায় বন্যার তাণ্ডব, নিহত কমপক্ষে ৩০

দক্ষিণ ইথিওপিয়ায় বন্যার তাণ্ডব, নিহত কমপক্ষে ৩০