রায়গঞ্জে পুকুর দখল সংঘর্ষে বিএনপির ২ কর্মী নিহত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রায়গঞ্জে পুকুর দখল সংঘর্ষে বিএনপির ২ কর্মী নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 3, 2026 ইং
রায়গঞ্জে পুকুর দখল সংঘর্ষে বিএনপির ২ কর্মী নিহত ছবির ক্যাপশন:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সরকারি খাসপুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে বিএনপির দুই কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২ মার্চ) সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আটকরা হলেন আছমত আলী (৪২), আশরাফ আলী (৪৪) ও তরিকুল ইসলাম (৪২)। তারা বর্তমানে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল-এ পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান জানান, সংঘর্ষের পর উভয়পক্ষের আহতরা হাসপাতালে ভর্তি হন। আবুবক্কার সিদ্দিক গ্রুপের দুইজন মারা যাওয়ার পর আছমত আলী গ্রুপের তিনজনকে আটক করা হয়েছে। নিহতদের পরিবার মামলা করলে তাদের গ্রেপ্তার দেখানো হবে।

তিনি আরও জানান, অন্য আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। নিহতদের মরদেহ সিরাজগঞ্জ ও বগুড়ার হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রায়গঞ্জ থানার এসআই আব্দুল মতিন জানান, সংঘর্ষে আবুবক্কার সিদ্দিক গ্রুপের ছয়জন ও আছমত আলী গ্রুপের তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। গুরুতর আহত আবুবক্কার সিদ্দিককে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে। তার মাথায় গুরুতর আঘাত ও এক পা ভেঙে গেছে।

রায়গঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, ৫ বিঘা আয়তনের সরকারি খাসপুকুর নিয়ে আছমত আলী ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুবক্কার সিদ্দিকের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। আছমত আলী স্থানীয় মসজিদের নামে পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করতেন। ২০২৪ সালের ৫ আগস্ট পটপরিবর্তনের পর বিএনপি নেতা আবুবক্কার সিদ্দিক পুকুরটি লিজ নেন।

সোমবার সকালে আবুবক্কার সিদ্দিক লোকজন নিয়ে পুকুরে জাল ফেললে আছমত আলী বাধা দেন। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। ধারালো অস্ত্র, হাঁসুয়া, দাঁ ও লাঠিসোঁটার আঘাতে উভয়পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত হন।

আহতদের মধ্যে আবুবক্কার সিদ্দিকের বড় ভাই আব্দুস সালাম (৬০) ও একই গ্রুপের ইসমাইল হোসেন (৭০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। উল্লেখ্য, একই পুকুর দখলকে কেন্দ্র করে ২০০৭ সালেও ফজলার রহমান নামে একজন নিহত হয়েছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
হাসপাতালের নারী ওয়াশরুমে গোপন ক্যামেরা, ইন্টার্ন চিকিৎসক আটক

হাসপাতালের নারী ওয়াশরুমে গোপন ক্যামেরা, ইন্টার্ন চিকিৎসক আটক