রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দেওয়া শোকজ নোটিশের জবাব নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যায় প্রয়োজনীয় তথ্যের তুলনায় অপ্রাসঙ্গিক বিষয় এবং অস্পষ্ট বক্তব্য বেশি রয়েছে, যা সরকারের কাছে গ্রহণযোগ্য নয়।
বুধবার (১০ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী জানান, আদ্-দ্বীন হাসপাতালের পাঠানো জবাব তিনি পর্যালোচনা করেছেন। তবে সেখানে ঘটনার মূল কারণ ও দায় নির্ধারণে প্রয়োজনীয় তথ্যের পরিবর্তে বিভিন্ন অপ্রাসঙ্গিক বিষয় তুলে ধরা হয়েছে। তাঁর ভাষায়, হাসপাতাল কর্তৃপক্ষ চার থেকে পাঁচ পৃষ্ঠার জবাব দিলেও সেটি ছিল ‘ভেগ’ বা অস্পষ্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে। সরকারের সিদ্ধান্ত পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, গত ২৭ মে ভোরে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ভর্তি থাকা ছয় নবজাতক কয়েক ঘণ্টার ব্যবধানে মারা যায়। এ ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হলে স্বাস্থ্য অধিদপ্তর একটি উচ্চপর্যায়ের তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে।
তদন্ত প্রতিবেদনে হাসপাতালের ব্যবস্থাপনা, পরিবেশগত অব্যবস্থাপনা এবং দায়িত্বে থাকা চিকিৎসক ও নার্সদের গাফিলতির বিভিন্ন দিক উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, সংশ্লিষ্ট ওয়ার্ডটি নবজাতকদের জন্য উপযুক্ত ছিল না। সেখানে পর্যাপ্ত আলো-বাতাসের অভাব ছিল এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) পর্যাপ্ত ও নিয়মিতভাবে পরিচালিত হচ্ছিল না।
এ ছাড়া ঘটনার সময় দায়িত্বপ্রাপ্ত কোনো চিকিৎসক ওয়ার্ডে উপস্থিত ছিলেন না বলেও তদন্তে উল্লেখ করা হয়েছে। নবজাতকদের শারীরিক অবস্থার অবনতি হলেও সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা ও জরুরি ব্যবস্থা গ্রহণে ঘাটতি ছিল বলে প্রতিবেদনে উঠে এসেছে। পাশাপাশি হাসপাতালের কাঠামোগত সীমাবদ্ধতা, পর্যাপ্ত তদারকির অভাব এবং প্রশাসনিক ত্রুটির বিষয়ও চিহ্নিত করা হয়েছে।
এর আগে গত ৪ জুন স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটিকে আনুষ্ঠানিকভাবে শোকজ নোটিশ পাঠায়। এখন হাসপাতালের জবাব মূল্যায়নের পর সরকারের পরবর্তী সিদ্ধান্তের দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।
কসমিক ডেস্ক