ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ইয়াবা সেবনের অভিযোগে ৬ জন যুবককে আটক করেছে স্থানীয় জনতা। শনিবার স্থানীয় একটি নির্জন বাগান থেকে তাদের হাতেনাতে আটক করা হয়। পরে তাদের প্রকাশ্যে কান ধরে ওঠবস করিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হলেও শাস্তির আগেই সামীম চৌকিদার নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতা কৌশলে পালিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার টবগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ‘টবগী রাস্তার মাথা’ বাজার সংলগ্ন একটি বাগানে বসে কয়েকজন যুবক ইয়াবা সেবন করছিলেন। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী ঘটনাস্থল ঘেরাও করে তাদের আটক করেন। পরে রশি দিয়ে বেঁধে তাদের বাজারে নিয়ে আসা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন জিয়া, ইয়ামিন, শুভ, সামীম, সাগর ও শাকিল। এদের মধ্যে জিয়া স্থানীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি এবং সামীম চৌকিদার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় মুরুব্বিদের উপস্থিতিতে অভিযুক্তদের প্রকাশ্যে কান ধরে ওঠবস করানো হয় এবং ভবিষ্যতে এ ধরনের কাজ না করার শর্তে মুচলেকা নেওয়া হয়। এরপর তাদের ছেড়ে দেওয়া হয়। তবে বাজারে আনার পথেই সামীম চৌকিদার সবার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান, ফলে তাকে শাস্তির আওতায় আনা সম্ভব হয়নি।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের আওতাধীন এবং ইয়াবার পরিমাণ বেশি হলে পুলিশ সরাসরি অভিযান চালাত।
এদিকে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাটি এলাকায় মাদকবিরোধী সচেতনতা ও আইন প্রয়োগের প্রয়োজনীয়তা নতুন করে সামনে এনেছে।
কসমিক ডেস্ক