রাশিয়ার কৃষ্ণসাগর উপকূলের তামান বন্দর ইউক্রেনের ড্রোন হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাৎইয়েভ টেলিগ্রামে জানান, তামান বন্দরের ভলনা গ্রামে একটি তেল সংরক্ষণ ট্যাংক, গুদাম ও টার্মিনাল হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অন্তত দুজন আহত হয়েছেন।
তিনি আরও জানান, রিসোর্ট শহর সোসি এবং সমুদ্রতীরবর্তী আনাপার কাছে ইউরোভকা গ্রামেও পৃথক হামলা হয়েছে, তবে সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ কম।
ইউক্রেনের জেনারেল স্টাফ বলেছে, তারা তামান বন্দর কমপ্লেক্সকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জ্বালানি অবকাঠামোয় সাময়িক সমঝোতা শেষ হওয়ার পর কিয়েভ আবারও রাশিয়ার অবকাঠামোতে হামলা শুরু করেছে।
অন্যদিকে, রাশিয়াও ইউক্রেনের জ্বালানি ও ইউটিলিটি অবকাঠামোতে হামলা চালিয়ে থাকে, যার ফলে তীব্র শীতে লাখো মানুষ বিদ্যুৎ ও তাপ সরবরাহ থেকে বঞ্চিত হয়েছে।
শিল্প খাতের সূত্র জানিয়েছে, গত বছর তামান বন্দর দিয়ে প্রায় ৪.১৬ মিলিয়ন টন তেলজাত পণ্য রপ্তানি করা হয়েছিল। বন্দরটি তেলপণ্য, শস্য, কয়লা ও অন্যান্য পণ্য পরিবহনের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।