নীলফামারী-১ আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা দিয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকালে নীলফামারীর ডোমার পৌর শহরের আইডিয়াল স্কুলে উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কোনো আপস করা হবে না। “আমরা চাঁদাবাজি করি না এবং কাউকে করতেও দেব না। বিরোধী দলে থাকলেও অন্যায় দেখে চুপ করে বসে থাকব না,”—বলেন তিনি।
আব্দুস সাত্তার অভিযোগ করেন, গত শনিবার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটিতে তাদের কর্মীদের ওপর হামলা হয়েছে। দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার কারণে নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি। নির্বাচনে পরাজিত প্রার্থী তার কর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানালেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।
নির্বাচনে জয়-পরাজয়কে গণতন্ত্রের সৌন্দর্য উল্লেখ করে তিনি বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে জয়ী হতে হলে জনকল্যাণে কাজ করতে হবে।
প্রশাসনের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, প্রশাসন যথাযথ দায়িত্ব পালন করলে সহিংসতার ঘটনা এড়ানো সম্ভব হতো। “ফ্যাসিস্ট সরকারের পুলিশের মতো আচরণ করলে চলবে না, পুলিশকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে,”—যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, নির্বাচনের পর বিভিন্ন স্থানে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা ও হুমকি দেওয়া হচ্ছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
হামলা-হুমকি বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হাকিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রবিউল ইসলামের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কসমিক ডেস্ক