রাউজান উপজেলার হালদা নদীতে দুর্বৃত্তের আঘাত এড়াতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন মো. সাব্বির (২১)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত প্রায় ১২টায় হাটহাজারী উপজেলার রামদাস হাটে ওরস থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে।
নিখোঁজ সাব্বিরের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সে উরকিরচর ইউনিয়নের মৈশকরম গ্রামের আব্দুল মান্নানের ছেলে। সে বন্ধু মো. মারুফকে সঙ্গে নিয়ে ওরশে গিয়েছিল। ফেরার পথে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। মারুফ আহত অবস্থায় ফিরে আসলেও সাব্বির নদীতে ঝাঁপ দিয়ে আর ফিরেনি।
পেশায় রাজমিস্ত্রি সাব্বির মৈশকরম গ্রামের আব্দুল মান্নান ও মনোয়ারা বেগমের একমাত্র ছেলে। তার চাচা মো. মোতালেব বলেন, “সারদিন কাজ করে বন্ধু নিয়ে ওরশে গিয়েছিল। এই যাওয়া যে তার শেষ যাওয়া হবে, তা কখনো ভাবিনি।”
প্রতিবেশী মো. ইলিয়াস বলেন, “মারুফ জানিয়েছে, দুর্বৃত্তরা আঘাত করলে তারা দুজনই নদীতে ঝাঁপ দেয়। কিন্তু সাব্বির আর ওঠেনি।”
হালদা নৌ-পুলিশের কর্মকর্তা মো. রমজান আলী জানিয়েছেন, “নিখোঁজ সাব্বিরকে উদ্ধারে রাউজান ও হাটহাজারী প্রশাসন যৌথভাবে কাজ করছে। একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্ত করতে তার বাবা-মাকে ডাকা হয়েছে।”
হাটহাজারী মডেল থানার ওসি জাহিদুর রহমান বলেন, “ওরসে বন্ধুদের সঙ্গে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। তাকে মাথায় আঘাত করলে সে নদীতে লাফ দেয় এবং তলিয়ে যায়। উদ্ধার কাজে আমরা যৌথভাবে কাজ করছি।”
ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র ছেলেকে হারানোর আশঙ্কায় নিখোঁজ মো. সাব্বিরের পরিবার দিশাহারা অবস্থায় রয়েছে।
কসমিক ডেস্ক