দেশের ছয় জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা হাওয়া, বজ্রবৃষ্টি বা অস্থায়ী ঝড় বয়ে যেতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলেও পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ধরনের ঝড়ো আবহাওয়া সাধারণত বর্ষা মৌসুমের আগের পরিবর্তনশীল আবহাওয়ার অংশ হিসেবে দেখা যায়। এতে হঠাৎ করে বাতাসের গতি বেড়ে গিয়ে স্থানীয়ভাবে ক্ষয়ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে।
এ কারণে সংশ্লিষ্ট এলাকায় বসবাসরত মানুষ ও নৌযান চলাচলকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
কসমিক ডেস্ক