গণভোটের ফলাফল জমা না দিয়েই কয়েক জেলার জেলা প্রশাসক (ডিসি) বাসায় ফিরে যাওয়ায় দেশব্যাপী চূড়ান্ত ফল ঘোষণা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারী একাধিক ডিসি এখনো অনেক আসনের গণভোটের ফল নির্বাচন কমিশনের (ইসি) কাছে জমা দেননি।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে ইসির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল পর্যায়ক্রমে পৌঁছালেও গণভোটের ফল অনেক আসন থেকে এখনো জমা পড়েনি।
কর্মকর্তারা জানান, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নেত্রকোনাসহ কয়েকটি জেলার ডিসিরা সংসদ নির্বাচনের ফল জমা দিলেও গণভোটের ফল জমা না দিয়েই বাসায় চলে গেছেন। পরে ইসি থেকে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট ডিসিরা তাদের অধীন কর্মকর্তাদের মাধ্যমে জানিয়েছেন, শুক্রবার গণভোটের ফল পাঠানো হবে।
ইসি কর্মকর্তারা বলেন, যেসব জেলার ফল এখনো পাওয়া যায়নি, সেগুলো জমা না হওয়া পর্যন্ত গণভোটের চূড়ান্ত ফল ঘোষণা সম্ভব নয়। বাকি জেলার ফলাফলের ওপরই নির্ভর করছে গণভোটের সামগ্রিক ফলাফল।
কসমিক ডেস্ক