ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনের অধিকাংশ কেন্দ্রে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যে এ চিত্র পাওয়া গেছে। তবে চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার।
এর আগে বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল সাড়ে ৪টায় শেষ হয়। সকাল থেকে অনেক কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে দেখা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই সবচেয়ে বেশি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ২৯ জন; এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। নারী প্রার্থী রয়েছেন ৮০ জন। এবারে ১১৯টি নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেলের তথ্যানুযায়ী, দুপুর ২টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে দেশের ৪৮৬টি কেন্দ্রে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৫৯টি স্থানে জালভোট এবং তিনটি স্থানে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানানো হয়।
এখন নজর সবার চূড়ান্ত ফল ঘোষণার দিকে।
কসমিক ডেস্ক