ঠাকুরগাঁওয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শিক্ষাপ্রতিষ্ঠান ও অবকাঠামোগত উন্নয়নের বেশ কয়েকটি প্রতিশ্রুতি দিয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টায় সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি বলেন, ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর ও পঞ্চগড়কে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
তিনি বলেন, দেশের অগ্রগতি নিশ্চিত করতে স্থানীয় জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সমর্থন প্রদান করলে এই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে। নির্বাচনে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া হবে এবং ১৬ বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটানো হবে।
তারেক রহমান আরও বলেন, পঞ্চগড়ে চিনিকল, চা ও রেশন শিল্প স্থাপন করা হবে। কৃষনির্ভর এই অঞ্চলে কৃষকদের সহায়তার পাশাপাশি কৃষিনির্ভর শিল্প বিকাশে পদক্ষেপ নেওয়া হবে, যা যুবক-যুবতীদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। এছাড়া যুবকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ শ্রমিক তৈরি করা হবে।
তিনি নির্বাচনী জনসভায় বলেন, এক দল আরেক দলের বিপক্ষে কথা বললে জনগণ লাভবান হবে না; জনগণ জানতে চায় আমরা তাদের জন্য কি করবো। তারেক উল্লেখ করেন, বিএনপি নেতাকর্মীরা দেশের প্রতি সম্পূর্ণ দায়িত্বশীল এবং দেশকে পুনর্গঠন করতে জনগণের শক্তিকে কাজে লাগানো হবে।
তারেক রহমান ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের অভ্যুত্থান উদাহরণ হিসেবে উল্লেখ করে বলেন, দেশের বিভিন্ন ধর্মের মানুষ শান্তিতে বসবাস করেছেন এবং ভবিষ্যতেও ধর্মভেদে বিচার হবে না।
কসমিক ডেস্ক