রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 18, 2026 ইং
রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ছবির ক্যাপশন:

আইনের শাসনকে রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ নীতি হিসেবে প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে জাতির উদ্দেশে দেওয়া তাঁর প্রথম ভাষণে তিনি বলেন, দলীয় প্রভাব বা রাজনৈতিক প্রতিপত্তি নয়—দেশ চলবে বিধিবদ্ধ নীতি-নিয়মে। সাংবিধানিক ও সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান আইনের আওতায় পরিচালিত হবে।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ সময়ের দুর্নীতি ও দুঃশাসনের ফলে ভঙ্গুর অর্থনীতি, দুর্বল প্রশাসনিক কাঠামো এবং অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে দিয়ে নতুন সরকার দায়িত্ব নিয়েছে। জনগণের মনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণই সরকারের প্রধান অগ্রাধিকার বলে তিনি উল্লেখ করেন।

তিনি জানান, সারাদেশে জুয়া ও মাদকের বিস্তার আইনশৃঙ্খলা অবনতির অন্যতম কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। এসব নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে সর্বোচ্চ উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি আশ্বস্ত করেন।

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় শহীদদের অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটে জবাবদিহিমূলক একটি সরকার যাত্রা শুরু করেছে। তিনি দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের জন্য নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁর ভাষায়, “রাষ্ট্র সবার, অধিকার সবার সমান।”

রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, রমজান আত্মশুদ্ধির মাস—এ সময়ে অতিরিক্ত মুনাফার প্রবণতা পরিহার করা উচিত। বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং ব্যবসায়ী ও ভোক্তা—উভয়ের স্বার্থ রক্ষা করবে।

রমজান মাসে ইফতার, তারাবিহ ও সেহরির সময় নিরবচ্ছিন্ন গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। অপচয় রোধে কৃচ্ছতা সাধনের ওপর জোর দিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান।

সরকারি সুবিধা ব্যবহারে সংযমের দৃষ্টান্ত স্থাপনের কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি থেকে নির্বাচিত কোনো সংসদ সদস্য ট্যাক্স ফ্রি গাড়ি আমদানি বা প্লট সুবিধা নেবেন না—এ সিদ্ধান্ত ইতোমধ্যে নেওয়া হয়েছে। এটি ন্যায়পরায়ণতার আদর্শ অনুসরণের প্রতিফলন বলে তিনি মন্তব্য করেন।

রাজধানীসহ বিভাগীয় শহরগুলোতে যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। রাজধানীর ওপর জনসংখ্যার চাপ কমাতে বিকল্প ব্যবস্থা গ্রহণ এবং সারাদেশে রেল যোগাযোগ ব্যবস্থা আধুনিক ও সুলভ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রেল, নৌ, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের কার্যক্রম পুনর্বিন্যাস ও সমন্বয়ের কাজ চলছে বলে জানান তিনি। তাঁর মতে, উন্নত রেল যোগাযোগ শহরকেন্দ্রিক চাপ কমাবে এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় সহায়ক হবে।

কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, বৃহৎ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারলে তা দেশের ‘জনসম্পদে’ পরিণত হবে। প্রযুক্তিনির্ভর বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে তরুণদের দক্ষতা অর্জনের আহ্বান জানান তিনি। শিক্ষার্থী ও যুবসমাজকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দেন।

ভাষণের শেষাংশে প্রধানমন্ত্রী বলেন, যারা সরকারকে ভোট দিয়েছেন কিংবা দেননি—সব নাগরিকের অধিকার সমান। জনগণের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ। দেশ গঠনের যাত্রাপথে সবার অব্যাহত সমর্থন কামনা করেন তিনি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
পারমাণবিক ইস্যুতে দ্রুত সমাধান চায় ইরান

পারমাণবিক ইস্যুতে দ্রুত সমাধান চায় ইরান