নির্বাচনের প্রস্তুতিতে খুলনা ও যশোরে আজ তারেক রহমান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নির্বাচনের প্রস্তুতিতে খুলনা ও যশোরে আজ তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 1, 2026 ইং
নির্বাচনের প্রস্তুতিতে খুলনা ও যশোরে আজ তারেক রহমান ছবির ক্যাপশন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ খুলনা ও যশোর সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ সময় পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তার এই রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে দলটির নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্য উদ্দীপনা দেখা গেছে।

সোমবার দুপুর ১২টায় খুলনা নগরীর খালিশপুর এলাকার প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। দলীয় সূত্র জানিয়েছে, এই সমাবেশে বৃহত্তর খুলনা জেলার মোট ১৪ জন বিএনপি প্রার্থীকে ভোটারদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে।

বিএনপির নেতারা আশা করছেন, খুলনা ছাড়াও বাগেরহাট, সাতক্ষীরা ও আশপাশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক মানুষ এই জনসভায় অংশ নেবেন। সমাবেশে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন পরিকল্পনা, বন্ধ থাকা মিল-কারখানা পুনরায় চালু, গ্যাস সংযোগ, সুন্দরবনকেন্দ্রিক পর্যটন শিল্পের সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি, ইকোনমিক জোন স্থাপন এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্ব পাবে।

খুলনার কর্মসূচি শেষ করে দুপুর ১টার দিকে হেলিকপটারে যশোরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তারেক রহমানের। দুপুর দেড়টার দিকে তিনি যশোর ক্রীড়া উদ্যানে আয়োজিত বিএনপির আরেকটি নির্বাচনী সমাবেশে অংশ নেবেন। এটি যশোরে তার প্রথম সরাসরি জনসভা বলে জানিয়েছে দলীয় সূত্র।

যশোর জেলা বিএনপি জানিয়েছে, সাধারণ মানুষের ভোগান্তি কমানোর কথা বিবেচনা করেই শহরের বাইরে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে যশোর অঞ্চলের দীর্ঘদিনের বিভিন্ন দাবি, বিশেষ করে ভবদহ সমস্যার স্থায়ী সমাধানসহ স্থানীয় নানা ইস্যু তুলে ধরা হবে।

দলীয় নেতারা আরও জানিয়েছেন, কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, নড়াইল, মাগুরা ও যশোর জেলার বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক এই সমাবেশে অংশ নেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে খুলনা ও যশোরে মঞ্চ নির্মাণ, নিরাপত্তা জোরদার এবং সাংগঠনিক প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ঢাকা-৮ আসনের প্রার্থী নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য হিরো আলমের

ঢাকা-৮ আসনের প্রার্থী নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য হিরো আলমের