গাজা নিয়ে ট্রাম্প প্রশাসনের ‘বোর্ড অব পিস’-এর গোপন নথি ফাঁস The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

গাজা নিয়ে ট্রাম্প প্রশাসনের ‘বোর্ড অব পিস’-এর গোপন নথি ফাঁস

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 19, 2026 ইং
গাজা নিয়ে ট্রাম্প প্রশাসনের ‘বোর্ড অব পিস’-এর গোপন নথি ফাঁস ছবির ক্যাপশন:

গাজার জন্য গঠিত প্রস্তাবিত আন্তর্জাতিক সংস্থা ‘বোর্ড অব পিস’-এর একটি গোপন খসড়া নথি ফাঁস হয়েছে। নথিতে বলা হয়েছে, কোনো দেশ যদি তিন বছরের বেশি সময় ধরে এই বোর্ডের সদস্যপদ ধরে রাখতে চায়, তবে তাকে নগদ এক বিলিয়ন ডলার অর্থ সহায়তা দিতে হবে। বার্তাসংস্থা রয়টার্সের হাতে আসা এই নথির বরাতে সোমবার (১৯ জানুয়ারি) বিষয়টি প্রকাশ্যে আসে।

রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুত করা এই খসড়া সনদ প্রায় ৬০টি দেশের কাছে পাঠানো হয়েছিল। সেখানে উল্লেখ রয়েছে, সনদ কার্যকর হওয়ার পর প্রত্যেক সদস্য রাষ্ট্রের মেয়াদ সর্বোচ্চ তিন বছর হবে। এই মেয়াদ চেয়ারম্যানের অনুমোদনে নবায়নযোগ্য হলেও এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ আর্থিক শর্ত যুক্ত করা হয়েছে।

খসড়া সনদে বলা হয়েছে, যেসব দেশ সনদ কার্যকর হওয়ার প্রথম বছরের মধ্যেই ‘বোর্ড অব পিসে’ নগদ এক বিলিয়ন ডলারের বেশি অর্থ সহায়তা দেবে, তাদের ক্ষেত্রে তিন বছরের মেয়াদসীমা প্রযোজ্য হবে না। অর্থাৎ, নির্ধারিত অর্থ প্রদানকারী দেশগুলো দীর্ঘমেয়াদি সদস্যপদের সুযোগ পাবে। গোপন এই নথিটি সর্বপ্রথম প্রকাশ করে সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

নথিতে ‘বোর্ড অব পিস’-কে একটি আন্তর্জাতিক সংস্থা হিসেবে বর্ণনা করা হয়েছে। সংস্থাটির লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে—সংঘাতপূর্ণ অথবা সংঘাতের আশঙ্কা রয়েছে এমন অঞ্চলে স্থিতিশীলতা প্রতিষ্ঠা, নির্ভরযোগ্য ও আইনসম্মত শাসনব্যবস্থা পুনরুদ্ধার এবং দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করা।

খসড়া অনুযায়ী, অন্তত তিনটি দেশ সনদে সম্মত হলেই বোর্ডটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। পাশাপাশি সংস্থাটির অফিসিয়াল সিল অনুমোদনের দায়িত্ব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হাতে থাকবে বলেও নথিতে উল্লেখ রয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার জন্য একটি শান্তি বোর্ড গঠনের উদ্যোগের অংশ হিসেবে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনিসহ একাধিক বিশ্বনেতাকে এই বোর্ডে যোগদানের আমন্ত্রণ জানিয়েছেন। গাজা সংক্রান্ত এই বোর্ডটি ট্রাম্পের প্রস্তাবিত বৃহত্তর ‘বোর্ড অব পিস’ কাঠামোর আওতায় পরিচালিত হবে।

গাজায় মাঠপর্যায়ের কার্যক্রম তদারকির জন্য সাবেক জাতিসংঘ দূত নিকোলাই ম্লাদেনভকে হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল জাসপার জেফার্স। তার দায়িত্বের মধ্যে থাকবে নিরাপত্তা নিশ্চিতকরণ, নিরস্ত্রীকরণ কার্যক্রম এবং মানবিক সহায়তা সমন্বয়।

এ ছাড়া একটি গাজা এক্সিকিউটিভ বোর্ড গঠন করা হয়েছে, যেখানে তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও মিসরের শীর্ষ কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন। এই বোর্ডের মূল লক্ষ্য আরব দেশগুলো ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় জোরদার করা।

উল্লেখ্য, এর আগে গত সপ্তাহে মধ্যপ্রাচ্যবিষয়ক ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ গাজায় চলমান যুদ্ধ অবসানের দ্বিতীয় ধাপ শুরু হওয়ার ঘোষণা দেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তথ্যমন্ত্রী স্বপন ঘোষণা করলেন ২০ হাজার কিমি খাল খনন প্রকল্প

তথ্যমন্ত্রী স্বপন ঘোষণা করলেন ২০ হাজার কিমি খাল খনন প্রকল্প