নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য বা বাতিল ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন।
বিষয়টি আইনজীবী নিজেই নিশ্চিত করেছেন। তবে রিট আবেদনে হান্নান মাসউদের এমপি পদ বাতিল বা শূন্য ঘোষণার পক্ষে কী কী আইনগত কারণ তুলে ধরা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
আবদুল হান্নান মাসউদ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ আসন থেকে নির্বাচিত হন তিনি। হলফনামার তথ্য অনুযায়ী, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে হান্নান মাসউদ ছিলেন সবচেয়ে কম বয়সী এবং নির্বাচিতদের মধ্যেও তিনি সর্বকনিষ্ঠ সংসদ সদস্য।
২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে জাতীয় রাজনীতিতে পরিচিতি পান হান্নান মাসউদ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে বিভিন্ন পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করেন। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে নেতৃত্বের সংকট দেখা দিলে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
পরবর্তী সময়ে তিনি জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত হন। পরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতিতে সক্রিয় হন এবং দ্বাদশের পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
হান্নান মাসউদের এমপি পদ নিয়ে হাইকোর্টে রিট আবেদন নতুন করে রাজনৈতিক ও আইনি আলোচনার জন্ম দিয়েছে। এখন আদালত রিটটি গ্রহণ করে শুনানির জন্য কী সিদ্ধান্ত দেন, সেটিই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
কসমিক ডেস্ক