সোনাগাজীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রাহক ছাত্রলীগ নেতা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সোনাগাজীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রাহক ছাত্রলীগ নেতা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 17, 2026 ইং
সোনাগাজীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রাহক ছাত্রলীগ নেতা ছবির ক্যাপশন:

ফেনীর সোনাগাজী উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমে তথ্য সংগ্রহকারী হিসেবে দায়িত্ব পেয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা। তার নাম আব্দুল্লাহ আল জাবের। তিনি চরমজলিশপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন বলে জানা গেছে।

রোববার (১৬ আগস্ট) রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফ্যামিলি কার্ড শুমারির জন্য নির্বাচিতদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এতে চরমজলিশপুর ইউনিয়নের তথ্য সংগ্রহকারী হিসেবে আব্দুল্লাহ আল জাবেরের নাম রয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২ আগস্ট সুপারভাইজার এবং ৪ আগস্ট তথ্য সংগ্রহকারী পদে নিয়োগের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুটি পদের বিপরীতে ছয় শতাধিক আবেদন জমা পড়ে। এর মধ্যে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী পদে ১৭৫ জনের ফলাফল প্রকাশ করা হয়েছে।

দায়িত্ব পাওয়ার বিষয়ে আব্দুল্লাহ আল জাবের বলেন, তিনি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তবে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দায়িত্ব পাবেন, তা তিনি ভাবেননি।

তবে ফ্যামিলি কার্ডের মতো গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট একজনের দায়িত্ব পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছে উপজেলা বিএনপি। সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু বলেন, এ ধরনের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা, দক্ষতা ও রাজনৈতিক পরিচয় যথাযথভাবে যাচাই করা প্রয়োজন।

তিনি আরও বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি কীভাবে এমন একটি গুরুত্বপূর্ণ সরকারি কার্যক্রমে দায়িত্ব পেলেন, তা খতিয়ে দেখা উচিত।

এ বিষয়ে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারজান হোসাইন জানান, দুজনের বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগগুলো যাচাই-বাছাই করার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফলে আব্দুল্লাহ আল জাবেরের দায়িত্ব পাওয়ার বিষয়টি যাচাই-বাছাই শেষে বহাল থাকবে কি না, সেটিই এখন দেখার বিষয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সোনম–সাদিয়াদের হাত ধরে প্রথম শিরোপা জিতল বাংলাদেশ আনসার

সোনম–সাদিয়াদের হাত ধরে প্রথম শিরোপা জিতল বাংলাদেশ আনসার