চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একদল দুর্বৃত্তের হামলায় রাজপতি (৩৫) নামে এক ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার চৌডালা ইউনিয়নের পুষকুনি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রাজপতি ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের নামো মুশরীভুজা বিন্দুপাড়া গ্রামের ওকিলের ছেলে। তিনি ভ্যান চালিয়ে শিবগঞ্জ উপজেলা থেকে নিজ বাড়ির দিকে ফিরছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পুষকুনি এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তাঁর পথরোধ করে। একপর্যায়ে তারা ধারালো রামদা দিয়ে তাঁর পিঠে কোপ দেয়। এতে গুরুতর আহত হয়ে রাজপতি চিৎকার শুরু করলে আশপাশের স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত রাজপতিকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করেন। চিকিৎসকেরা জানান, ধারালো অস্ত্রের আঘাতে তাঁর ফুসফুসে গুরুতর জখম হয়েছে।
অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে তাঁকে সেখানে নেওয়ার ব্যবস্থা করা হয়।
ঘটনার বিষয়ে ভোলাহাট থানার ইনচার্জ মো. আব্দুল বারিক জানান, হামলার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ফারুক হোসেন ডন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি