মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজি নির্মূলে প্রশাসনকে কঠোর নির্দেশনা দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রীর বক্তব্যে বলা হয়, যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদক নির্মূল করা অত্যন্ত জরুরি। মুরাদনগর থেকে মাদক নির্মূল করতে পারলে প্রশাসনকে পুরস্কার দেওয়া হবে। তিনি আরও বলেন, দলীয় পরিচয়ে কেউ কোনো অনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন আইন অনুযায়ী চলবে।
পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিংয়ের ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান তিনি।
এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে ধর্মমন্ত্রীর গাড়ি বহর মুরাদনগর উপজেলা পরিষদে প্রবেশ করলে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রীয় সম্মাননা গ্রহণের পর উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন ধর্মমন্ত্রী।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) একেএম কামরুজ্জামানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী।
কসমিক ডেস্ক