লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের বোবারপুল সেতুর দুই পাশের সংযোগ সড়ক ধসে পড়ার এক সপ্তাহ পার হলেও এখনো দৃশ্যমান কোনো সংস্কারকাজ শুরু হয়নি। ফলে রামগতি-বয়ারচর সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
স্থানীয়দের অভিযোগ, টানা বৃষ্টি ও মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারের পানির তীব্র স্রোতে প্রায় এক সপ্তাহ আগে তেগাছিয়া বাজারের পূর্ব পাশে মোহাম্মদপুর মোল্লার খালের ওপর নির্মিত বোবারপুল সেতুর দুই পাশের সংযোগ সড়ক ধসে খালে পড়ে যায়। এরপর থেকে রামগতি-বয়ারচর সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
শুধু বোবারপুল নয়, একই সড়কের ব্রিজঘাট এলাকার মৎস্য অবতরণ কেন্দ্রের সামনের সেতুর পূর্ব পাশের অংশও ধসে পড়েছে। এতে চরগাজী ইউনিয়নের বয়ারচরসহ আশপাশের কয়েকটি গ্রামের সঙ্গে উপজেলা ও জেলা সদরের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা গেছে, সড়কের দুই পাশে বড় বড় ফাটল সৃষ্টি হয়েছে এবং বৃষ্টির পানি ও জোয়ারের স্রোতের কারণে আরও অংশ ধসে পড়ার আশঙ্কা রয়েছে। দুর্ঘটনা এড়াতে স্থানীয় ইউপি সদস্য শেখ ফরিদ নিজ উদ্যোগে সেতুর দুই পাশে গাছের ডাল বসিয়ে অস্থায়ীভাবে সতর্কতার ব্যবস্থা করেছেন।
স্থানীয়রা জানান, এই সড়ক ব্যবহার করে প্রতিদিন তারা ব্রিজঘাট মৎস্য অবতরণ কেন্দ্র, মোহাম্মদপুর তেগাছিয়া বাজার, চৌরাস্তা বাজার, টাংকি বাজার, হাতিয়া বাজার এবং রামগতি উপজেলা সদরে যাতায়াত করতেন। পাশাপাশি মালবাহী ট্রাক, পিকআপ, সিএনজি ও মোটরসাইকেল নিয়মিত চলাচল করত। সড়কটি বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বিকল্প পথ না থাকায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা। পাশাপাশি জরুরি চিকিৎসা নিতে যাওয়া রোগী, ব্যবসায়ী এবং নিত্যপ্রয়োজনীয় কাজে চলাচলকারী সাধারণ মানুষও দুর্ভোগের মুখে পড়েছেন।
স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়ে বলেন, এক মাসের টানা বৃষ্টি ও মেঘনার জোয়ারে সড়কটির অবস্থা ভয়াবহ হয়ে পড়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে অবশিষ্ট অংশও ধসে পড়তে পারে।
রামগতি উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী স্নেহাল রায় জানান, টানা বৃষ্টি ও মেঘনার জোয়ারের স্রোতে সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি জানার পর স্থানীয় ইউপি সদস্যের সহযোগিতায় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ক্ষতিগ্রস্ত সড়কটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
কসমিক ডেস্ক