চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৫ লাখ ৫৯ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি এবং একটি ইঞ্জিন চালিত নৌকা আটক করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।
রোববার (০৯ আগস্ট)ভোর আনুমানিক সাড়ে ৩টা দিকে গোমস্তাপুর থানার চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বড়বিল নামক স্থানে এই অভিযান পরিচালিত হয়। বিজিবি সূত্রে জানা যায়, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধীনস্থ চাড়ালডাংগা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আকরাম হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল বড়বিল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারিরা উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় মালিকবিহীন অবস্থায় ৫ লাখ ৫৯ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি এবং ১টি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়। আটককৃত চোরাচালানি মালামাল ও নৌকা গোমস্তাপুর থানায় জমা করার কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানিয়েছে। সীমান্তে অপরাধ দমনের বিষয়ে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচারসহ সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে বিজিবি’র সর্বাত্মক অভিযান ও কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
ফারুক হোসেন ডন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি