বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, দেশের মানুষ আন্তরিকতা ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদুল আজহা উদযাপন করছে। তিনি দাবি করেন, রাজনৈতিক মতপার্থক্যের কারণে কাউকে রাষ্ট্রীয় নিপীড়নের মুখোমুখি হতে হচ্ছে না।
বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে তিনি এসব মন্তব্য করেন।
রিজভী বলেন, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দিনরাত পরিশ্রম করছে।
তিনি আরও দাবি করেন, দেশের যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় সরকার জনবান্ধব সিদ্ধান্ত নিচ্ছে। বিশেষ করে পোশাক শ্রমিকদের ঈদ বোনাস নিশ্চিত করতে সরকারের সহযোগিতা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বিএনপির এই নেতা বলেন, জনগণের নির্বাচিত সরকার জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করার চেষ্টা করছে এবং বর্তমান সরকার মানবিক আচরণ করছে।
কসমিক ডেস্ক