রংপুরে ট্রেনের ইঞ্জিন-বগি লাইনচ্যুত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রংপুরে ট্রেনের ইঞ্জিন-বগি লাইনচ্যুত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 8, 2026 ইং
রংপুরে ট্রেনের ইঞ্জিন-বগি লাইনচ্যুত ছবির ক্যাপশন:

রংপুর নগরীর বাবুপাড়া এলাকায় একটি ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হওয়ায় যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুড়িমারী থেকে পার্বতীপুরগামী এলআর ট্রেনের একটি বগি ও ইঞ্জিন বাবুপাড়া এলাকায় লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা ও যাত্রীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকার রেললাইনের পাথর ও কাঠের স্লিপার নাজুক অবস্থায় রয়েছে। পর্যাপ্ত পাথর না থাকা এবং স্লিপার পচে যাওয়ার কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা দাবি করেন। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ট্রেনের যাত্রী নূর মোহাম্মদ জানান, ট্রেনের গতি বেশি থাকলে দুর্ঘটনাটি আরও বড় আকার নিতে পারত। তবে গতি কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে তিনি মনে করেন। স্থানীয় বাসিন্দা মিজানুর রহমানও লাইনে পর্যাপ্ত পাথর না থাকার বিষয়টি উল্লেখ করেন।

রংপুর রেলওয়ে স্টেশন সুপারিন্টেন্ডেন্ট আব্দুল্লাহ আল মামুন জানান, বুড়িমারী থেকে পার্বতীপুরগামী এলআর ট্রেনটির তিন নম্বর লাইনে ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়। তাঁর ভাষ্য অনুযায়ী, এতে সাময়িকভাবে ৩০ থেকে ৪০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। বর্তমানে লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে এবং লাইনচ্যুত ট্রেন উদ্ধারের কাজ চলছে।

লালমনিরহাট অঞ্চলের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) ধীমান ভৌমিক জানান, লাইনচ্যুত ইঞ্জিন ও বগি উদ্ধারের কাজ চলছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ফারুকুল ইসলাম মানিককে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন এম সাখাওয়াত হোসেন

যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন এম সাখাওয়াত হোসেন