আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে সরকার-সমর্থিত ব্যক্তিগত সম্পত্তি বিলের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শ্রমিক সংগঠন, সামাজিক সংগঠন ও বিরোধী দলের সমর্থকেরা। বৃহস্পতিবার দেশটির জাতীয় কংগ্রেস ভবনের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। একই সময়ে সিনেটে বিতর্কিত বিলটি নিয়ে আলোচনা চলছিল।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা জাতীয় পতাকা, বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে কংগ্রেস ভবনের বাইরে জড়ো হন। তারা প্রেসিডেন্ট হাভিয়ের মাইলেই সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে স্লোগান দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কংগ্রেস ভবনের চারপাশে নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন স্থানে ব্যারিকেডও স্থাপন করা হয়।
বিক্ষোভের আয়োজনে ছিল দেশটির প্রধান শ্রমিক সংগঠন জেনারেল কনফেডারেশন অব লেবার, আর্জেন্টাইন ওয়ার্কার্স সেন্টারের দুটি শাখা এবং ইউনিয়ন অব ওয়ার্কার্স অব দ্য পপুলার ইকোনমির আওতাধীন বিভিন্ন সামাজিক সংগঠন।
বিলটির বিরোধিতাকারীদের অভিযোগ, প্রস্তাবিত আইনটি বড় বিনিয়োগকারীদের স্বার্থকে বেশি গুরুত্ব দিতে পারে। একই সঙ্গে ভূমির সুরক্ষা দুর্বল হওয়ার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর ওপর চাপ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা। তাদের দাবি, বিলটি বাস্তবায়িত হলে উচ্ছেদ প্রক্রিয়াও তুলনামূলক সহজ হয়ে উঠতে পারে।
টেলিভিশন সম্প্রচার ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে বিক্ষোভকারীদের কংগ্রেস ভবনের সামনে অবস্থান করতে দেখা যায়। এ সময় তারা সরকারের নীতির সমালোচনা করে বিভিন্ন স্লোগান দেন।
এদিকে সেন্ট কাজেতান দিবস উপলক্ষে শুক্রবার শ্রমিক ও সামাজিক সংগঠনগুলোর আরও বড় কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। প্রতিবছরের মতো এবারও ‘শান্তি, রুটি, জমি, বাসস্থান ও কাজ’—এই দাবিকে সামনে রেখে মিছিল করার কথা জানিয়েছেন আয়োজকেরা।
ব্যক্তিগত সম্পত্তি বিল নিয়ে চলমান বিতর্ক আর্জেন্টিনার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনেও নতুন করে উত্তেজনা তৈরি করেছে। সরকারপন্থীরা বিলটির পক্ষে অবস্থান নিলেও বিরোধীরা এর সম্ভাব্য সামাজিক ও অর্থনৈতিক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।
কসমিক ডেস্ক