টেসলার চীন শাখা বিক্রির গুঞ্জন, যা বললেন ইলন মাস্ক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

টেসলার চীন শাখা বিক্রির গুঞ্জন, যা বললেন ইলন মাস্ক

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
টেসলার চীন শাখা বিক্রির গুঞ্জন, যা বললেন ইলন মাস্ক ছবির ক্যাপশন:

টেসলার চীন শাখার ব্যবসা বিক্রি বা আলাদা করার পরিকল্পনা চলছে—এমন একটি প্রতিবেদনের পর প্রযুক্তি ও অটোমোবাইল খাতে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক এ ধরনের খবরকে সরাসরি ‘ভুয়া’ এবং ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন।

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে দাবি করে, স্পেসএক্সটেসলা-সংক্রান্ত সম্ভাব্য করপোরেট কাঠামোগত পরিবর্তনের ক্ষেত্রে আইনি ও নীতিগত জটিলতা এড়াতে টেসলার চীন শাখার মালিকানা বিক্রি, পৃথক কোম্পানিতে রূপান্তর কিংবা সাংহাই কারখানার কার্যক্রম পুনর্গঠনের মতো বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা চলছে।

প্রতিবেদনে আরও বলা হয়, স্পেসএক্স যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের অন্যতম বড় ঠিকাদার হওয়ায় এবং টেসলার চীনে শতভাগ মালিকানাধীন বিশাল উৎপাদন কেন্দ্র থাকায় দুই প্রতিষ্ঠানের সম্ভাব্য একীভূতকরণে নিয়ন্ত্রক সংস্থার নানা প্রশ্নের মুখে পড়তে হতে পারে। এ কারণে সাংহাই গিগাফ্যাক্টরির রপ্তানি কার্যক্রম ও তথ্যপ্রযুক্তি অবকাঠামোকে বৈশ্বিক অপারেশন থেকে আলাদা করার বিষয়ও পরামর্শকদের আলোচনায় এসেছে বলে দাবি করা হয়।

তবে ইলন মাস্ক স্পষ্টভাবে জানিয়েছেন, টেসলার চীন শাখা বিক্রির বিষয়ে প্রকাশিত খবরের কোনো সত্যতা নেই। তিনি এটিকে ভিত্তিহীন গুজব বলে অভিহিত করেছেন। একই সঙ্গে স্পেসএক্স ও টেসলাকে একীভূত করার বিষয়েও তিনি আনুষ্ঠানিকভাবে কোনো পরিকল্পনার কথা ঘোষণা করেননি।

উল্লেখ্য, সাংহাই গিগাফ্যাক্টরি বর্তমানে টেসলার সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎপাদন কেন্দ্রগুলোর একটি। বছরে প্রায় ৯ লাখ ৫০ হাজার গাড়ি উৎপাদন সক্ষমতা সম্পন্ন এই কারখানায় মডেল ৩মডেল ওয়াই তৈরি হয় এবং বৈশ্বিক সরবরাহের অর্ধেকেরও বেশি এখান থেকে আসে। কারখানাটিতে ব্যবহৃত যন্ত্রাংশের প্রায় ৯৫ শতাংশই স্থানীয়ভাবে সংগ্রহ করা হয়, যা টেসলার চীনা সরবরাহ শৃঙ্খলকে আরও শক্তিশালী করেছে।

এদিকে এই গুঞ্জনের মধ্যেই শেয়ারবাজারে টেসলার শেয়ারদর ৩.৫৩ শতাংশ বেড়ে ৩০৮.৮৫ ডলারে পৌঁছেছে। তবে গত এক মাসে কোম্পানিটির শেয়ারদর প্রায় ২৬.৬ শতাংশ কমেছে। অন্যদিকে একই সময়ে স্পেসএক্সের শেয়ারের দাম সামান্য কমে ১১২.২ ডলারে দাঁড়িয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ডিএমপির ৪ থানার ওসির রদবদল

ডিএমপির ৪ থানার ওসির রদবদল