মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারও সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে এক অজ্ঞাতপরিচয় নারী গুরুতর আহত অবস্থায় সড়কে পড়ে থাকলে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সকাল ৬টা ৩৫ মিনিটে শ্রীনগর ফায়ার স্টেশনে খবর আসে যে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী ষোলঘর এলাকায় এক নারী গুরুতর আহত অবস্থায় সড়কের ওপর পড়ে আছেন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত নারীকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাস্তা পারাপারের সময় কোনো অজ্ঞাত গাড়ির ধাক্কায় ওই নারী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তার উভয় পা ভেঙে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
তাৎক্ষণিকভাবে আহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এছাড়া দুর্ঘটনায় জড়িত গাড়িটিও শনাক্ত করা যায়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।
এ ঘটনায় পথচারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মতো দ্রুতগতির সড়কে পারাপারের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি। যেখানে ফুটওভার ব্রিজ বা আন্ডারপাস রয়েছে, সেখানে অবশ্যই সেগুলো ব্যবহার করে রাস্তা পার হতে হবে। সামান্য অসতর্কতাও বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে তিনি সতর্ক করেন।
কসমিক ডেস্ক