"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার ২৭ জুলাই সকালে জেলা প্রশাসন ও বন বিভাগ, কুড়িগ্রামের যৌথ আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষমেলার উদ্বোধন করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
অনুষ্ঠানে জেলার পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বন বিভাগের কর্মকর্তা, শিক্ষার্থী ও পরিবেশপ্রেমীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং বৃক্ষরোপণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। মেলায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রয়ের ব্যবস্থা রাখা হয়েছে।
সপ্তাহব্যাপী এই বৃক্ষমেলা আগামী ১ আগস্ট ২০২৬ পর্যন্ত চলবে। আয়োজকরা মেলায় অংশ নিয়ে গাছের চারা সংগ্রহ ও বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।