আন্দোলনের পরদিনই সেই মহিলা কলেজে ৬ শিক্ষকের পদায়ন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আন্দোলনের পরদিনই সেই মহিলা কলেজে ৬ শিক্ষকের পদায়ন

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2026 ইং
আন্দোলনের পরদিনই সেই মহিলা কলেজে ৬ শিক্ষকের পদায়ন ছবির ক্যাপশন:

জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার ঘটনায় দেশজুড়ে আলোচনায় আসা কুমিল্লা সরকারি মহিলা কলেজে ছয়জন নতুন শিক্ষককে পদায়ন ও বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের আন্দোলনের পরদিনই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

রোববার (২৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব মো. আ. কুদ্দুস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট শিক্ষকদের আগামী ২৮ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে মো. মোস্তফা সারওয়ার খানকে কুমিল্লা সরকারি মহিলা কলেজে পদায়ন করা হয়েছে। অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ আশিকুর রহমান। এছাড়া নবীনগর সরকারি কলেজ থেকে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবদুল মতিনকে বদলি করা হয়েছে।

গণিত বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. খালেদ ইকবাল জুয়েল। ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক হিসেবে পদায়ন করা হয়েছে ইসরাফুল ইসলাম ভূঁইয়াকে। পাশাপাশি বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাজী মো. হাবিব উল্লাহকেও কুমিল্লা সরকারি মহিলা কলেজে বদলি করা হয়েছে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বদলি হওয়া একাধিক শিক্ষক অসন্তোষ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের পর বিষয়টি পুনর্বিবেচনার সুযোগ না দিয়েই নতুন শিক্ষকদের পদায়ন করা হয়েছে। তাদের দাবি, জলাবদ্ধতার মতো পরিস্থিতির দায় শিক্ষকদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে, যা দুঃখজনক।

এর আগে গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক এক প্রজ্ঞাপনে কুমিল্লা সরকারি মহিলা কলেজের সাতজন শিক্ষককে দেশের বিভিন্ন সরকারি কলেজে বদলি করা হয়। বদলিকৃতদের মধ্যে ছিলেন কলেজের উপাধ্যক্ষ, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদমর্যাদার শিক্ষকরা।

উল্লেখ্য, গত ১৩ জুলাই টানা ভারী বৃষ্টিতে কুমিল্লা নগরে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়। ওই দিন এইচএসসি পরীক্ষায় অংশ নিতে অনেক শিক্ষার্থীকে হাঁটু থেকে কোমরসমান পানি পেরিয়ে এবং ভেজা পোশাকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। পরে সাত শিক্ষককে বদলির সিদ্ধান্তের প্রতিবাদে গত শনিবার শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এর একদিন পরই কলেজে ছয়জন নতুন শিক্ষক পদায়নের প্রজ্ঞাপন জারি করা হলো।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অন্তর্বর্তী সরকারের সময়ে তেলের জন্য এমন লাইনে কী হতো, কল্পনা

অন্তর্বর্তী সরকারের সময়ে তেলের জন্য এমন লাইনে কী হতো, কল্পনা