টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ২-১ গোলের রোমাঞ্চকর জয়ের পরদিনই নিকোলাস ওটামেন্ডি, রদ্রিগো দে পল, জিওভানি লো সেলসোসহ দলের খেলোয়াড়রা রিকভারি ও ট্যাকটিক্যাল অনুশীলন সেশনে অংশ নেন।
ফাইনাল ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের জর্জিয়ার মারিয়েত্তায় অবস্থিত অ্যাটলান্টা ইউনাইটেড ট্রেনিং সেন্টারে একসঙ্গে অনুশীলন করেছেন খেলোয়াড়রা। পুরো সেশনজুড়ে তাদের আত্মবিশ্বাসী, মনোযোগী এবং প্রাণবন্ত মেজাজে দেখা গেছে।
আগামী রবিবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। আটলান্টার তীব্র গরম উপেক্ষা করেও অনুশীলনে দারুণ বোঝাপড়া এবং সতীর্থদের সঙ্গে হাস্যোজ্জ্বল মুহূর্ত ভাগ করে নিতে দেখা গেছে আলবিসেলেস্তেদের।
অন্যদিকে আরেক ফাইনালিস্ট স্পেন অনুশীলনের ক্ষেত্রে কিছুটা সমস্যার মুখে পড়েছে। কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়া নিউ ইয়র্ক ও নিউ জার্সি অঞ্চলেও ছড়িয়ে পড়ায় সেখানকার বাতাসের মান বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের অপ্রয়োজনীয় বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে।
এদিকে আর্জেন্টিনা এখনো আটলান্টাতেই অবস্থান করছে। আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে দলটি নিউ জার্সির উদ্দেশে রওনা দেবে বলে জানা গেছে। প্রয়োজনে আটলান্টায় আরও একটি অনুশীলন সেশন সম্পন্ন করে তারপর ফাইনালের ভেন্যুতে যাবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
স্পেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে প্রধান কোচ লিওনেল স্কালোনি অধিনায়ক লিওনেল মেসি, লিয়ান্দ্রো পারেদেস, জুলিয়ানো সিমেওনেসহ দলের অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে কৌশলগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে।
ক্রীড়া বিশ্লেষকদের মতে, ফাইনালের আগে প্রতিপক্ষ স্পেনকে মোকাবিলায় নিজের সেরা পরিকল্পনা ও ম্যাচ কৌশল চূড়ান্ত করতেই এখন পুরোপুরি মনোযোগ দিচ্ছেন কোচ স্কালোনি।
কসমিক ডেস্ক