বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে তীব্র স্রোতের কারণে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ৭ আরোহীর মধ্যে ৬ জনকে জীবিত উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এখনও একজন পর্যটক নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে বিজিবির নেতৃত্বে সমন্বিত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২৪ জুলাই) বিকেল আনুমানিক ৫টা ২১ মিনিটে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধীন টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ বড়পাথর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। রেমাক্রি থেকে থানচিগামী নৌকাটি তীব্র স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে সাঙ্গু নদীতে ডুবে যায়।
ঘটনার সময় এলাকায় টহলরত বিজিবির সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। তারা চারজন পর্যটক, নৌকার মাঝি এবং ট্যুরিস্ট গাইডকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। তবে মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ান (২৪) নামে এক পর্যটক এখনও নিখোঁজ রয়েছেন। তিনি ময়মনসিংহ জেলার মাসকান্দা গ্রামের বাসিন্দা।
৩৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে চারটি বিশেষ টহলদল সাঙ্গু নদীতে অভিযান চালাচ্ছে। উদ্ধার কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধি, নৌকার মাঝি, ট্যুরিস্ট গাইড এবং স্থানীয় বাসিন্দারাও অংশ নিয়েছেন।
উদ্ধার অভিযান আরও জোরদার করতে বিজিবির উদ্যোগে থানচি ফায়ার সার্ভিসকে যুক্ত করা হয়েছে। তবে স্থানীয় ইউনিটে ডুবুরি না থাকায় নদীর তলদেশে তাৎক্ষণিক অনুসন্ধান সম্ভব হয়নি। এ কারণে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের একটি বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। দলটি পৌঁছানোর পর নদীর তলদেশে বিস্তারিত তল্লাশি চালানো হবে।
বিজিবি জানিয়েছে, নিখোঁজ পর্যটককে উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরবচ্ছিন্নভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, সমন্বিত এই অভিযানের মাধ্যমে দ্রুত নিখোঁজ পর্যটকের সন্ধান পাওয়া যাবে
কসমিক ডেস্ক