মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধের স্তূপ, ক্ষোভ প্রকাশ স্বাস্থ্যমন্ত্রীর The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধের স্তূপ, ক্ষোভ প্রকাশ স্বাস্থ্যমন্ত্রীর

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026 ইং
মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধের স্তূপ, ক্ষোভ প্রকাশ স্বাস্থ্যমন্ত্রীর ছবির ক্যাপশন:

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মজুত এবং হাসপাতালের বাথরুমে ওষুধ ছড়িয়ে-ছিটিয়ে থাকার ঘটনা দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ অনিয়মের চিত্র প্রত্যক্ষ করেন।

পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখে মন্ত্রী বলেন, “আমার দেশের দরিদ্র মানুষ ওষুধ পায় না, অথচ এখানে লাখ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ পড়ে আছে। এমনকি বাথরুমেও সরকারি ওষুধ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।” তিনি ঘটনাস্থলেই সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

হাসপাতাল পরিদর্শন শেষে মন্ত্রী পাশের একটি বেসরকারি ক্লিনিকও ঘুরে দেখেন এবং স্বাস্থ্যসেবার মান ও ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ নেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অতীতের অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের কারণে দেশের স্বাস্থ্যখাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। জনগণের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই সরকারের প্রধান লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া শিগগিরই শুরু হবে বলে জানান মন্ত্রী।

পরিদর্শনকালে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মো. নাসের রিকাবদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ