তিন দফা দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন শতাধিক এইচএসসি পরীক্ষার্থী। মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে কুমিল্লার কান্দিরপাড় পূবালী চত্বর থেকে মিছিল নিয়ে শিক্ষা বোর্ডের দিকে যাওয়ার সময় পুলিশি বাধার মুখে পড়লেও পরে শিক্ষার্থীরা বোর্ডের প্রধান ফটকের সামনে অবস্থান নেন।
বিক্ষোভে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সরকারি কলেজ, রূপসী বাংলা কলেজ, কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, সোনার বাংলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন।
শিক্ষার্থীরা জানান, তাদের তিনটি প্রধান দাবি হলো—দুর্যোগপূর্ণ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিশ্চিত করা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. সালাউদ্দিন, কুমিল্লা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা এবং কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন।
শিক্ষা বোর্ডের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, পরীক্ষার্থীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনা হয়েছে। যেসব দাবি শিক্ষা বোর্ডের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব, সেগুলোর বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। আর যেসব বিষয়ে বোর্ডের এখতিয়ার নেই, সেগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
এদিকে কুমিল্লা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা জানান, শিক্ষার্থীদের দাবির বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ সভা আহ্বান করা হয়েছে। ওই সভার সিদ্ধান্তের ভিত্তিতেই পরবর্তী করণীয় জানানো হবে।
সাম্প্রতিক বৈরী আবহাওয়া, বন্যা পরিস্থিতি এবং পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্ন নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষের প্রেক্ষাপটে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনের অংশ হিসেবে কুমিল্লাতেও এ কর্মসূচি পালিত হয়েছে।
কসমিক ডেস্ক