স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। যোগ্য নাগরিকরা আগামী ৩১ জুলাই পর্যন্ত নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করতে পারবেন। এই সময়ের মধ্যে আবেদনকারীদের স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
বুধবার (১৫ জুলাই) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
ইসি জানিয়েছে, ২০০৮ সালের ৩১ জুলাই বা তার আগে জন্মগ্রহণকারী এবং যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করলে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন।
নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, ৯ আগস্ট নতুন ভোটারদের খসড়া তালিকা প্রকাশ করা হবে। এই তালিকা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং উপজেলা বা থানা নির্বাচন অফিসে জনসাধারণের জন্য প্রদর্শন করা হবে।
খসড়া তালিকায় কোনো ব্যক্তির নাম বাদ পড়লে কিংবা ব্যক্তিগত তথ্যে ভুল থাকলে ২৪ আগস্টের মধ্যে আবেদন করে সংশোধনের সুযোগ থাকবে। সব আপত্তি ও সংশোধন নিষ্পত্তির পর ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
এদিকে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের প্রস্তুতিও শুরু করেছে ইসি। ১০ আগস্ট খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে এবং ২৭ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা।
নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আগামী অক্টোবর মাসে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে আগস্টের মাঝামাঝি বা শেষের দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৪৩ জন।
নির্বাচন কমিশন যোগ্য নাগরিকদের নির্ধারিত সময়ের মধ্যেই ভোটার নিবন্ধনের আবেদন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে, যাতে তারা আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
কসমিক ডেস্ক