ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসামে চলমান ভয়াবহ বন্যায় গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি মাসের শুরু থেকে বন্যাজনিত প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ জনে। পরিস্থিতি এখনো উদ্বেগজনক বলে জানিয়েছে রাজ্য প্রশাসন।
শুক্রবার (২৪ জুলাই) আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এএসডিএমএ) জানায়, সর্বশেষ ১৪টি মৃত্যুর ঘটনা রাজ্যের তিনটি জেলায় ঘটেছে। এর মধ্যে চরাইদেও জেলাতেই সর্বোচ্চ সাতজনের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, রাজ্যের বন্যা পরিস্থিতি এখনো অত্যন্ত উদ্বেগজনক। তার মতে, দুই হাজারেরও বেশি গ্রাম পানিতে তলিয়ে গেছে এবং প্রায় ১১ লাখ মানুষ বন্যার কারণে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন।
তিনি আরও জানান, রাজ্যের বিভিন্ন নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে অথবা বিপৎসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। ফলে নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে উদ্ধার, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় নিয়োজিত সব সংস্থাকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যাকবলিত এলাকায় উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ এবং ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি কার্যক্রম অব্যাহত রয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতেও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।
প্রশাসনের আশঙ্কা, ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে আসামের বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে। এ কারণে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
কসমিক ডেস্ক