বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক বহাল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক বহাল

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 24, 2026 ইং
বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক বহাল ছবির ক্যাপশন:

বাংলাদেশসহ বিশ্বের অন্তত ৬০টি দেশের পণ্যের ওপর বিদ্যমান শুল্ক বহাল রেখেছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। বাধ্যতামূলক শ্রম ব্যবহারের অভিযোগের প্রেক্ষাপটে নেওয়া এই সিদ্ধান্ত শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টার-এ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন ব্যবস্থায় দেশভেদে ১০ থেকে সাড়ে ১২ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের মোট আমদানিকৃত পণ্যের প্রায় ৯৯ দশমিক ৪ শতাংশ এই নীতির আওতায় আসবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, যুক্তরাজ্য, কানাডা, মালয়েশিয়া, মেক্সিকো, কম্বোডিয়া ও গুয়াতেমালাসহ যেসব দেশ বাধ্যতামূলক শ্রম প্রতিরোধে আইন বা প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে, তাদের পণ্যে আগের ১০ শতাংশ শুল্ক বহাল থাকবে।

অন্যদিকে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সুইজারল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়নসহ প্রায় ৩৮টি দেশের পণ্যে শুল্ক বাড়িয়ে ১২ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, আগামী ২৮ জুলাই পর্যন্ত ট্রানজিটে থাকা পণ্য নতুন শুল্কের আওতায় পড়বে না। এছাড়া তেল-গ্যাস, সার, নির্দিষ্ট খাদ্যপণ্য এবং USMCA চুক্তির শর্ত পূরণকারী পণ্য আগের মতোই শুল্কমুক্ত সুবিধা পাবে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে ট্রাম্প প্রশাসনের জরুরি জাতীয় আইন অনুযায়ী আরোপিত শুল্ক যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বাতিল করে দেয়। পরে ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ১২২ ধারায় ১৫০ দিনের জন্য অস্থায়ীভাবে ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপ করা হয়। সেই মেয়াদ শেষ হওয়ায় এবার একই আইনের ৩০১ ধারার আওতায় নতুনভাবে শুল্ক বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিসন গ্রির বলেন, যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরেই বাধ্যতামূলক শ্রম নিষিদ্ধ এবং এ আইন কঠোরভাবে বাস্তবায়ন করা হয়। তাঁর মতে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদারদেরও একই ধরনের মানদণ্ড অনুসরণ করা উচিত।

এদিকে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক বিশ্লেষকরা। টেক্সাসের বেকার ইনস্টিটিউটের পরিচালক জন ডায়মন্ড আল জাজিরাকে বলেন, ইউরোপীয় ইউনিয়নসহ এতগুলো দেশ বাধ্যতামূলক শ্রম ব্যবহার করছে—এমন দাবি বিশ্বাসযোগ্য নয়। তবে আদালত এবার আগের মতো এই শুল্ক বাতিল করবেন বলে তিনি মনে করেন না।

নরওয়ে, অস্ট্রেলিয়া ও ব্রাজিল যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে অন্যায্য বলে অভিহিত করেছে। অন্যদিকে কানাডা আলোচনার মাধ্যমে সমাধানের আগ্রহ প্রকাশ করেছে।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য বিদেশি পণ্যের ওপর নির্ভরতা কমিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ শিল্পকে সুরক্ষা দেওয়া। একই সঙ্গে আরও ১৬টি দেশের বিরুদ্ধে অতিরিক্ত উৎপাদনসংক্রান্ত তদন্ত শুরু হয়েছে, ফলে ভবিষ্যতে শুল্কের আওতা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ইরানের হামলায় দুবাইতে মার্কিন দূতাবাসে অগ্নিকাণ্ড

ইরানের হামলায় দুবাইতে মার্কিন দূতাবাসে অগ্নিকাণ্ড