সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ এর মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) পৃথক ২টি অভিযানে বিপুল পরিমাণ Eskuf সিরাপ জব্দ করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ জুলাই রাতে অভিযান ২টি পরিচালিত হয়। প্রথম অভিযানে সোনামসজিদ বিওপি হতে ১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/১৩-এস হতে আনুমানিক ৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের গোপালপুর গ্রামস্থ পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহলদল মালিকবিহীন ফেন্সিডিল এর বিকল্প ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ উদ্ধার করতে সক্ষম হয়। এছাড়াও অপর অভিযানে চৌকা বিওপি’র আরেকটি টহল দল সীমান্ত পিলার ১৭৫/২-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের রাঘববাটি গ্রামে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ফেন্সিডিল এর বিকল্প ৭০ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ আটক করতে সক্ষম হয়। প্রসঙ্গত, এই ব্যাটালিয়ন বিগত ৩ মাসে সীমান্তে অভিযান চালিয়ে ১০ জন আসামীসহ প্রায় ১১২৪৪ বোতল ফেন্সিডিল এর বিকল্প কয়েক ধরনের নেশাজাতীয় সিরাপ আটক করেছে।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, *বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
ফারুক হোসেন ডন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি