সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। চূড়ান্ত বেতনহার কমিশনের সুপারিশের তুলনায় কিছুটা কম হলেও এটি দুই ধাপে নয়, একবারেই কার্যকর করার পরিকল্পনা করা হচ্ছে।
সোমবার (৬ জুলাই) অর্থ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। এদিন সচিবালয়ে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো চূড়ান্ত করতে গঠিত পর্যালোচনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শুরুতে নতুন পে-স্কেল দুই ধাপে বাস্তবায়নের বিষয়টি বিবেচনায় ছিল। তবে এতে অনলাইন বেতন ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম আইবাসে সমন্বয় জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি ধাপে ধাপে বাস্তবায়ন করলে প্রশাসনিক ব্যয় বাড়তে পারে এবং চাকরিজীবীদের মধ্যেও অসন্তোষ সৃষ্টি হতে পারে।
এসব বিষয় বিবেচনায় নিয়ে সরকার একবারেই নতুন বেতন কাঠামো কার্যকর করার দিকে ঝুঁকছে।
জানা গেছে, বৈঠকে নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশগুলোর আর্থিক প্রভাব, বাস্তবায়নের সম্ভাব্য সময়সূচি, বেতন সমন্বয়ের পদ্ধতি এবং বিভিন্ন ক্যাডার ও শ্রেণির চাকরিজীবীদের মধ্যে ভারসাম্য রক্ষার বিষয়গুলো গুরুত্ব পাবে।
এছাড়া কোন সুপারিশ অপরিবর্তিত থাকবে, কোনগুলো সংশোধন করা হবে এবং বাস্তবায়নের কৌশল কী হবে—এসব বিষয়েও বিস্তারিত আলোচনা হবে। বেতন বৃদ্ধির হারও বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হতে পারে।
তবে সংশ্লিষ্টরা মনে করছেন, আজকের বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা কম। সব কিছু ঠিক থাকলে আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামোর মূল বেতন কার্যকর হতে পারে। আর বিভিন্ন ভাতা ধাপে ধাপে যুক্ত হয়ে ২০২৭-২৮ অর্থবছরে পূর্ণাঙ্গ রূপ পেতে পারে।
কসমিক ডেস্ক