ঝিনাইদহের প্রবেশমুখে স্থাপিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চারণ সাংস্কৃতিক কেন্দ্র। বৃহস্পতিবার (২৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি নিখিল দাস ও সাধারণ সম্পাদক জাকির হোসেন এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে তারা অভিযোগ করেন, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পরিবার এবং ঝিনাইদহের প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর মতামত উপেক্ষা করে জেলা প্রশাসন একতরফাভাবে ভাস্কর্য অপসারণের সিদ্ধান্ত নিয়েছে। তাদের মতে, এ ধরনের পদক্ষেপ মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনার প্রতি নেতিবাচক বার্তা দেবে এবং মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে উৎসাহিত করতে পারে।
সংগঠনটির নেতারা আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন স্থানে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ও ভাস্কর্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। তাদের দাবি, মুক্তিযুদ্ধের ইতিহাসকে খাটো করার একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যা দেশের জন্য উদ্বেগজনক।
চারণ সাংস্কৃতিক কেন্দ্র জেলা প্রশাসনের প্রতি ভাস্কর্য অপসারণের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছে। পাশাপাশি বর্তমান স্থানে যানজট ও জনদুর্ভোগ কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, ভাস্কর্যটির সংস্কার ও সৌন্দর্যবর্ধন এবং বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পূর্ণাঙ্গ অবয়ব সংরক্ষণের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে। সংগঠনটি সতর্ক করে বলেছে, এসব দাবি উপেক্ষা করে সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে উদ্ভূত পরিস্থিতির দায় প্রশাসনকেই বহন করতে হবে।
কসমিক ডেস্ক