ঢালিউডের সুপারস্টার Shakib Khan এবং নির্মাতা Mehedi Hasan Hridoy আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। গত বছরের ব্যবসাসফল সিনেমা ‘বরবাদ’-এর পর এই জুটির নতুন প্রজেক্ট ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
সম্প্রতি নতুন এই সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে যুক্তরাষ্ট্র সফরে গেছেন শাকিব খান। তার সঙ্গে পরিচালক হৃদয় ও প্রযোজনা সংশ্লিষ্টদের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পর থেকেই সিনেমাটি নিয়ে আলোচনা শুরু হয়। শাকিব খানের পোস্টে তিনি লিখেছিলেন—‘বরবাদ টিম আবার ফিরছেন, চলুন আবারও ইতিহাস গড়ি।’
তবে সিনেমাটির নাম নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা। বিভিন্ন গণমাধ্যমে ছবিটির সম্ভাব্য নাম হিসেবে ‘নিঃস্ব’ ও ‘হায়েনা’র মতো কয়েকটি নাম শোনা গেলেও পরিচালক নিজেই জানিয়েছেন, এসব নামের কোনোটিই চূড়ান্ত নয়। তিনি বলেন, এখনো সিনেমার চিত্রনাট্য সম্পূর্ণ হয়নি, তাই নাম নির্ধারণ করা হয়নি।
পরিচালক আরও জানান, আগামী কয়েক দিনের মধ্যেই চিত্রনাট্যের কাজ শেষ হওয়ার পর সিনেমার নাম চূড়ান্ত করা হবে। পাশাপাশি শিল্পী নির্বাচন নিয়েও কাজ চলছে এবং সেটিও ধাপে ধাপে জানানো হবে।
জানা গেছে, অ্যাকশন, রোমান্স ও প্রতিশোধের গল্পে নির্মিত হতে যাচ্ছে এই সিনেমাটি। প্রযোজনা সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৭ সালের ঈদুল ফিতরকে সামনে রেখে ছবিটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে।
সব মিলিয়ে ‘বরবাদ’ টিমের এই নতুন প্রজেক্ট ঘিরে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে। এখন শুধু অপেক্ষা—অবশেষে কী নাম নিয়ে বড় পর্দায় হাজির হবে শাকিব-হৃদয়ের এই বহুল প্রতীক্ষিত সিনেমা।
কসমিক ডেস্ক