হবিগঞ্জে দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে তার বিরুদ্ধে আরও একাধিক মামলা বিচারাধীন থাকায় এই জামিনের পরও আপাতত কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না তিনি।
বুধবার (২২ জুলাই) বিচারপতি শেখ জাকির হোসেন-এর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রুল নিষ্পত্তি করে ব্যারিস্টার সুমনের জামিন মঞ্জুর করেন। আদালতে তার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার পূর্ণিমা জাহান।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনকে কেন্দ্র করে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে দায়ের হওয়া আরও চারটি মামলায় জামিনের আবেদন এখনো শুনানির অপেক্ষায় রয়েছে। এছাড়া রাজধানীর খিলগাঁও ও আদাবর থানায় দায়ের করা পৃথক দুটি হত্যা মামলার জামিনসংক্রান্ত রুলও বর্তমানে হাইকোর্টে বিচারাধীন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজ গোলচত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ছাত্র-জনতার বিক্ষোভ চলছিল। অভিযোগে বলা হয়, সেদিন বিকেল সাড়ে ৪টার দিকে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয় এবং গুলিবর্ষণের মাধ্যমে হত্যাচেষ্টার ঘটনা ঘটে।
পরে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে মো. মোস্তাফিজুর রহমান চুনারুঘাট থানায় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনসহ ৯৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
এরপর একই বছরের ২১ অক্টোবর দিবাগত রাত রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়।
যদিও সর্বশেষ এই মামলায় তিনি জামিন পেয়েছেন, তবে তার বিরুদ্ধে অন্যান্য মামলার কার্যক্রম চলমান থাকায় এবং সেসব মামলায় এখনো জামিন না হওয়ায় এ মুহূর্তে কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন।
কসমিক ডেস্ক