প্রযুক্তিগত বিভ্রাটের কারণে প্রায় দুই ঘণ্টা অচল থাকার পর আবার স্বাভাবিক হয়েছে মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ডেস্কটপ ভার্সন। রোববার (১৯ জুলাই) দুপুরে হঠাৎ করে প্ল্যাটফর্মটির ওয়েব সংস্করণে সমস্যা দেখা দেয়, যা ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক ভোগান্তির সৃষ্টি করে।
দুপুর থেকে অনেক ব্যবহারকারী অভিযোগ করেন, তারা ফেসবুকে লগইন করতে পারছেন না, আবার কেউ কেউ ওয়েবসাইট লোড হতে দেরি হওয়া, নিউজ ফিড আপডেট না হওয়া এবং বিভিন্ন ফিচার ব্যবহার করতে না পারার সমস্যার সম্মুখীন হন। প্রায় দুপুর সাড়ে ৩টার দিকে সেবাটি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।
ওয়েবসাইট বিভ্রাট পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ডাউন ডিটেক্টর (DownDetector)-এর তথ্য অনুযায়ী, রোববার দুপুর দেড়টা থেকে ফেসবুকের বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যা নিয়ে বিপুল সংখ্যক অভিযোগ জমা পড়তে শুরু করে। অল্প সময়ের মধ্যেই অভিযোগের সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়, যা বৈশ্বিক পর্যায়ে বিভ্রাটের ইঙ্গিত দেয়।
এদিকে, অনেক ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ গিয়ে #FacebookDown হ্যাশট্যাগ ব্যবহার করে নিজেদের সমস্যার কথা জানান। কেউ কেউ ত্রুটির বার্তার স্ক্রিনশটও শেয়ার করেন।
তবে প্রতিবেদন প্রকাশ পর্যন্ত ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এই প্রযুক্তিগত বিভ্রাটের কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা বা মন্তব্য দেয়নি। ফলে ঠিক কী কারণে ডেস্কটপ ভার্সনে এই সাময়িক সমস্যা দেখা দিয়েছিল, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
বিশেষজ্ঞদের মতে, বড় প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোতে সার্ভার, নেটওয়ার্ক বা সফটওয়্যার আপডেট-সংক্রান্ত কারণে মাঝে মাঝে এমন সাময়িক বিভ্রাট দেখা দিতে পারে। তবে সাধারণত দ্রুত সমাধানের মাধ্যমে সেবা স্বাভাবিক করা হয়।
কসমিক ডেস্ক