আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের নুরিস্তান প্রদেশে আকস্মিক বন্যায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় এখনো ১০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবারের এই আকস্মিক বন্যার পর থেকেই দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধার অভিযান চালানো হচ্ছে। উদ্ধারকারী দল জীবিতদের খুঁজে বের করার চেষ্টা করছে। তবে ক্ষতিগ্রস্ত এলাকার দুর্গম ভৌগোলিক অবস্থান, ধসে যাওয়া সড়ক এবং যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় উদ্ধারকাজে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজদের মধ্যে নুরিস্তান প্রদেশের রাজধানী পারুন শহরের মেয়র এবং তার দুই দেহরক্ষীও রয়েছেন। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পারুন এলাকা, যেখানে পানির তীব্র স্রোতে বহু ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্যমতে, এ ঘটনায় অন্তত ৮০ জন আহত হয়েছেন। নিখোঁজদের সন্ধানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে দুর্গম পাহাড়ি পথ এবং ভেঙে পড়া যোগাযোগব্যবস্থার কারণে অনেক এলাকায় এখনো উদ্ধারকারী দল পৌঁছাতে পারেনি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই বন্যায় ব্যাপক প্রাণহানি ও আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে উদ্ধার অভিযান শেষ না হওয়ায় ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনো প্রকাশ করা সম্ভব হয়নি।
বিশেষজ্ঞদের মতে, আফগানিস্তান জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে অতিবৃষ্টি, দীর্ঘস্থায়ী খরা এবং আকস্মিক বন্যার ঘটনা বেড়েছে। এছাড়া নুরিস্তানসহ বিভিন্ন অঞ্চলে বন উজাড়ের কারণে বৃষ্টির পানি দ্রুত নিচে নেমে এসে হঠাৎ বন্যা ও ভূমিধসের ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে।
উদ্ধার অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
কসমিক ডেস্ক