বর্তমান সময়ে স্মার্টফোন মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। যোগাযোগ, কাজ, বিনোদন থেকে শুরু করে শিক্ষা—সব ক্ষেত্রেই ফোনের ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। তবে এই ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে একটি সাধারণ সমস্যা প্রায়ই দেখা যায়, তা হলো স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া।
বিশেষজ্ঞদের মতে, ফোন অস্বাভাবিকভাবে গরম হওয়া শুধু অস্বস্তিকরই নয়, বরং এটি ব্যাটারি ও হার্ডওয়্যারের জন্য ক্ষতিকর হতে পারে। দীর্ঘ সময় ধরে ফোন অতিরিক্ত গরম থাকলে ব্যাটারির স্থায়িত্ব কমে যেতে পারে এবং চরম ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকিও তৈরি হতে পারে।
ফোন গরম হওয়ার অন্যতম প্রধান কারণ হলো চার্জে লাগিয়ে ফোন ব্যবহার করা। অনেকেই চার্জ দেওয়ার সময় গেম খেলা, ভিডিও দেখা বা দীর্ঘ সময় কথা বলার অভ্যাসে অভ্যস্ত। এতে একসঙ্গে ব্যাটারি চার্জ ও ডিসচার্জ হওয়ায় প্রসেসরের ওপর অতিরিক্ত চাপ পড়ে এবং ফোন দ্রুত গরম হয়ে যায়।
আরেকটি সাধারণ কারণ হলো মোটা বা ভারী ব্যাক কাভার ব্যবহার করা। অনেক কভার ফোনকে সুরক্ষা দিলেও এর ভেতরের তাপ সহজে বের হতে দেয় না। ফলে ফোনের ভেতরে তাপ জমে গিয়ে তাপমাত্রা বেড়ে যায়।
সরাসরি রোদে ফোন ব্যবহার করা বা গাড়ির ভেতরে রেখে দেওয়া আরেকটি বড় ঝুঁকির কারণ। উচ্চ তাপমাত্রা ফোনের ব্যাটারি ও অন্যান্য অভ্যন্তরীণ যন্ত্রাংশের ক্ষতি করতে পারে, যা দীর্ঘমেয়াদে ফোনের পারফরম্যান্স কমিয়ে দেয়।
বিশেষজ্ঞরা আরও সতর্ক করেছেন নকল বা নিম্নমানের চার্জার ব্যবহারের বিষয়ে। এসব চার্জার সঠিকভাবে বিদ্যুৎ সরবরাহ করতে পারে না, ফলে চার্জিংয়ের সময় ফোন অস্বাভাবিকভাবে গরম হয়ে যায় এবং ব্যাটারির ক্ষতি হয়।
একসঙ্গে অনেক অ্যাপ চালু রাখাও ফোন গরম হওয়ার আরেকটি কারণ। ব্যাকগ্রাউন্ডে একাধিক অ্যাপ চলতে থাকলে প্রসেসরকে বেশি কাজ করতে হয়, ফলে ফোনের তাপমাত্রা বৃদ্ধি পায় এবং ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়।
স্ক্রিনের উজ্জ্বলতা সবসময় বেশি রাখা ফোনের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। উচ্চ ব্রাইটনেস বেশি শক্তি ব্যবহার করে, যা তাপ উৎপাদন বাড়িয়ে দেয়।
এছাড়া অজানা বা অনিরাপদ উৎস থেকে অ্যাপ ডাউনলোড করলে ম্যালওয়্যার প্রবেশ করতে পারে। এসব অ্যাপ ব্যাকগ্রাউন্ডে কাজ করে প্রসেসরকে চাপের মধ্যে রাখে, যার ফলে ফোন অতিরিক্ত গরম হয়ে যায়।
ফোন অতিরিক্ত গরম হয়ে গেলে কিছু সহজ পদক্ষেপ গ্রহণ করা উচিত। যেমন—ব্যাক কাভার খুলে ফেলা, অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করা, কিছু সময়ের জন্য এয়ারপ্লেন মোড চালু রাখা এবং ফোনকে ঠান্ডা বা ছায়াযুক্ত স্থানে রাখা।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ফোন কখনোই ফ্রিজ বা বরফের মধ্যে রাখা উচিত নয়। এতে হঠাৎ তাপমাত্রার পরিবর্তনের কারণে ফোনের ভেতরে আর্দ্রতা জমে গিয়ে স্থায়ী ক্ষতি হতে পারে।
সব মিলিয়ে বলা যায়, স্মার্টফোন ব্যবহারে কিছু সাধারণ সতর্কতা মেনে চললেই অতিরিক্ত গরম হওয়ার সমস্যা অনেকাংশে এড়ানো সম্ভব। সচেতন ব্যবহারই ফোনের আয়ু বাড়ানোর পাশাপাশি নিরাপত্তাও নিশ্চিত করতে পারে।
কসমিক ডেস্ক