আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 21, 2026 ইং
আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী ছবির ক্যাপশন:

ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলোর নেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অতীতের মতো ভবিষ্যতেও সবাইকে ঐক্যবদ্ধ থেকে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে। সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত শুভেচ্ছা বিনিময় ও নৈশভোজ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা অতীতে একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব। আপনাদের ছেড়ে যাওয়ার কোনো যুক্তি নেই। তাই জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’ তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে জোটের মধ্যে বিভেদ বা ভুল বোঝাবুঝির কোনো সুযোগ নেই।

তিনি জানান, জনগণের সমর্থনই সরকার ও জোটের সবচেয়ে বড় শক্তি। সেই সমর্থন ধরে রাখতে দায়িত্বশীল আচরণ এবং পারস্পরিক সহযোগিতার বিকল্প নেই। রাষ্ট্র সংস্কারের ৩১ দফার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, এটি এখন শুধু একটি রাজনৈতিক জোটের কর্মসূচি নয়, বরং জনগণের প্রত্যাশার প্রতিফলন। তাই এর বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বক্তব্যে প্রধানমন্ত্রী একটি রাজনৈতিক গোষ্ঠীর সমালোচনা করে বলেন, আন্দোলনের সময় যারা রাজপথে ছিলেন না, তারাও এখন সেই আন্দোলনের কৃতিত্ব দাবি করার চেষ্টা করছেন। তিনি বলেন, জনগণ এসব বিষয় সম্পর্কে সচেতন এবং দেশের স্বার্থে ঐক্য অটুট রাখা প্রয়োজন।

সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশের অর্থনীতি, জ্বালানি, বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাত চ্যালেঞ্জের মুখে ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার সীমিত সময়ের মধ্যেও পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছে। শতভাগ সফল না হলেও জনগণকে কিছুটা স্বস্তি দিতে পেরেছে বলেও তিনি দাবি করেন।

অনুষ্ঠানের শুরুতে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাগত বক্তব্য দেন। পরে বিভিন্ন শরিক দলের নেতারা বক্তব্য রাখেন। শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী শরিক নেতাদের সঙ্গে নৈশভোজে অংশ নেন।

অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি (কাজী জাফর), গণঅধিকার পরিষদ, গণফোরাম, ন্যাশনাল পিপলস পার্টি, কল্যাণ পার্টিসহ মোট ৪১টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ইরান চুক্তি নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন ট্রাম্প

ইরান চুক্তি নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন ট্রাম্প