৯ লাখ টাকার বিনিময়ে রোহিঙ্গাদের জন্মসনদ দেওয়ার অভিযোগ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

৯ লাখ টাকার বিনিময়ে রোহিঙ্গাদের জন্মসনদ দেওয়ার অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 21, 2026 ইং
৯ লাখ টাকার বিনিময়ে রোহিঙ্গাদের জন্মসনদ দেওয়ার অভিযোগ ছবির ক্যাপশন:

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৬ নম্বর ফতেহাবাদ ইউনিয়ন পরিষদে অর্থের বিনিময়ে মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর কয়েকজন সদস্যকে অবৈধভাবে বাংলাদেশের জন্ম নিবন্ধন সনদ দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে যোগসাজশের অভিযোগ আনা হয়েছে। তবে অভিযুক্ত চেয়ারম্যান অভিযোগ অস্বীকার করেছেন।

স্থানীয় বাসিন্দা শফিউল আলম গত ৭ জুলাই রেজিস্ট্রার জেনারেল (জন্ম ও মৃত্যু নিবন্ধন) কার্যালয়ে এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের অনুলিপি স্থানীয় সরকার মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগের সচিব, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং কুমিল্লার জেলা প্রশাসকের কাছেও পাঠানো হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন রুহুল এবং ইউপি সচিব মো. নজরুল ইসলাম অবৈধভাবে তিনজন ব্যক্তির জন্ম নিবন্ধন সম্পন্ন করেন। অভিযোগে দাবি করা হয়েছে, প্রতিটি নিবন্ধনের জন্য ৩ লাখ টাকা করে মোট ৯ লাখ টাকা লেনদেন হয়েছে। তবে এই অর্থ লেনদেনের অভিযোগ এখনো তদন্তে প্রমাণিত হয়নি।

অভিযোগে সাইমুন ইসলাম সাজ্জাদ, মুবিনা খাতুন এবং হাফিছা নামে তিনজনের তথ্য উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীর দাবি, তারা ফতেহাবাদ ইউনিয়নের স্থায়ী বাসিন্দা নন এবং তাদের বাংলাদেশি নাগরিক হিসেবে জন্ম নিবন্ধন দেওয়া হয়েছে। জন্ম নিবন্ধনের তথ্য যাচাইয়ে কিছু অসঙ্গতির কথাও অভিযোগে তুলে ধরা হয়েছে। এর মধ্যে দুজনের জন্মস্থান কক্সবাজার এবং একজনের জন্মস্থান কুমিল্লা দেখানো হয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এছাড়া একটি সনদে ইস্যুর তারিখ হিসেবে "১ জানুয়ারি ০০০১" প্রদর্শিত হওয়ায় বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে।

স্থানীয় ইউপি সদস্য মো. নুরুল ইসলাম নুরু জানান, অভিযোগে উল্লেখিত সাইমুন ইসলাম সাজ্জাদ ও মুবিনা খাতুন তার ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা এবং বর্তমানে এলাকায় অবস্থান করছেন।

এ বিষয়ে ৬ নম্বর ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন রুহুল বলেন, তিনি ২০২৪ সালের আগস্টে দায়িত্ব নিলেও জন্ম নিবন্ধন ব্যবস্থার ইউজার অ্যাক্সেস পান ১৬ জানুয়ারি ২০২৫ সালে। তার দাবি, অভিযোগে উল্লেখিত জন্ম নিবন্ধনগুলো তিনি তৈরি করেননি এবং অভিযোগ দায়েরের আগে এ বিষয়ে কিছুই জানতেন না।

অভিযোগকারী শফিউল আলম জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট দাবি করে বিষয়টির দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে, তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সব অবৈধ জন্ম নিবন্ধন বাতিল এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তিনি নিরাপত্তাজনিত কারণে নিজের পরিচয় গোপন রাখার অনুরোধও করেছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বক্তব্যের জেরে জান্নাতুল পিয়াসহ ৬ জন

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বক্তব্যের জেরে জান্নাতুল পিয়াসহ ৬ জন