হরমুজ প্রণালি আমেরিকার খেলার মাঠ নয় : ইরান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

হরমুজ প্রণালি আমেরিকার খেলার মাঠ নয় : ইরান

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 2, 2026 ইং
হরমুজ প্রণালি আমেরিকার খেলার মাঠ নয় : ইরান ছবির ক্যাপশন:

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে আবারও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর ও দ্রুত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনী স্পষ্ট ভাষায় জানিয়েছে, হরমুজ প্রণালি কোনোভাবেই আমেরিকার খেলার মাঠ নয় এবং এ অঞ্চলের নিরাপত্তা রক্ষা ইরানের অন্যতম প্রধান অগ্রাধিকার।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি-এর বরাতে আলজাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার দেশটির খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এক বিবৃতিতে এ সতর্কবার্তা দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সব বাণিজ্যিক জাহাজকে ইরান নির্ধারিত সামুদ্রিক রুট ব্যবহার করে যাতায়াত করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট জাহাজগুলোকে সম্ভাব্য পরিণতির মুখোমুখি হতে হতে পারে। একই সঙ্গে ইরান দাবি করেছে, হরমুজ প্রণালি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সার্বভৌমত্বের আওতাধীন একটি গুরুত্বপূর্ণ অঞ্চল এবং সেখানে কোনো ধরনের আগ্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

ইরানের সামরিক কর্তৃপক্ষ আরও জানায়, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক বা কৌশলগত হস্তক্ষেপের জবাব দেশটির সশস্ত্র বাহিনী দ্রুত এবং দৃঢ়ভাবে দেবে। তাদের ভাষ্য অনুযায়ী, এই গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা ইরানের সশস্ত্র বাহিনীর জন্য একটি ‘লাল রেখা’, যা কোনো অবস্থাতেই অতিক্রম করতে দেওয়া হবে না।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর তেহরান কার্যত হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করে। এর ফলে ওই অঞ্চলে চলাচলকারী বিভিন্ন বাণিজ্যিক জাহাজ সম্ভাব্য সামরিক ঝুঁকির মধ্যে পড়ে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত এই প্রণালিতে যেকোনো উত্তেজনা আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ এবং বৈশ্বিক অর্থনীতির ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। সর্বশেষ এই সতর্কবার্তা মধ্যপ্রাচ্যের বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
এক ইঞ্চি জমিও খালি রাখা হবে না: কৃষিমন্ত্রীর ঘোষণা

এক ইঞ্চি জমিও খালি রাখা হবে না: কৃষিমন্ত্রীর ঘোষণা