সিলেটে হঠাৎ সুরমা-কুশিয়ারাসহ কয়েকটি নদীর পানি বাড়ছে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সিলেটে হঠাৎ সুরমা-কুশিয়ারাসহ কয়েকটি নদীর পানি বাড়ছে

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 18, 2026 ইং
সিলেটে হঠাৎ সুরমা-কুশিয়ারাসহ কয়েকটি নদীর পানি বাড়ছে ছবির ক্যাপশন:

ভারতের আসাম, মেঘালয়সহ উজানের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বৃষ্টিপাতের প্রভাবে সিলেটের কয়েকটি গুরুত্বপূর্ণ নদীর পানি দ্রুত বাড়তে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন ও লোভাছড়া নদীর বিভিন্ন পয়েন্টে পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। যদিও অধিকাংশ স্থানে পানি এখনো বিপদসীমার নিচে রয়েছে, তবুও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর বিপদসীমা ১২.৭৫ মিটার। শুক্রবার সকাল ৬টায় সেখানে পানির উচ্চতা ছিল ১১.৯৭ মিটার, যা সন্ধ্যা ৬টায় বেড়ে দাঁড়ায় ১২.৩০ মিটারে। কয়েক ঘণ্টার ব্যবধানে নদীর পানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে, সিলেট পয়েন্টে সুরমা নদীর বিপদসীমা ১০.৮০ মিটার। সকাল ৬টায় পানির উচ্চতা ছিল ৯.৬০ মিটার, যা সন্ধ্যা ৬টায় বেড়ে ৯.৬৩ মিটারে পৌঁছায়।

কুশিয়ারা নদীর আমলশীদ পয়েন্টে বিপদসীমা ১৫.৪০ মিটার। শুক্রবার সকাল ৬টায় সেখানে পানির উচ্চতা ছিল ১৪.৩৫ মিটার। বিকেল ৩টায় তা বেড়ে ১৪.৫২ মিটারে পৌঁছায়, অর্থাৎ মাত্র কয়েক ঘণ্টায় পানি বেড়েছে ১৭ সেন্টিমিটার

এছাড়া শেওলা পয়েন্টে কুশিয়ারার বিপদসীমা ১৩.০৫ মিটার। সকাল ৬টায় পানির উচ্চতা ছিল ১২.০০ মিটার, যা সন্ধ্যা ৬টায় বেড়ে ১২.১৩ মিটারে দাঁড়ায়। এ পয়েন্টে পানির উচ্চতা বেড়েছে ১৩ সেন্টিমিটার। তবে ফেঞ্চুগঞ্জ পয়েন্টে নদীর পানি মোটামুটি স্থিতিশীল রয়েছে এবং শেরপুর পয়েন্টে পানি কিছুটা কমার প্রবণতা দেখা গেছে।

সারিগোয়াইন নদীতেও পানির উচ্চতা বৃদ্ধি লক্ষ্য করা গেছে। সারিঘাট পয়েন্টে শুক্রবার সকাল ৬টায় পানির উচ্চতা ছিল ৯.৭৩ মিটার, যা সন্ধ্যা ৬টায় বেড়ে ৯.৭৪ মিটারে পৌঁছেছে। যদিও গোয়াইনঘাট পয়েন্টে নদীর পানি কিছুটা কমতির দিকে রয়েছে।

এদিকে লোভাছড়া নদীর পানিও বাড়ছে। সকাল ৬টায় পানির উচ্চতা ছিল ১২.৩০ মিটার, যা বিকেল ৩টায় বেড়ে ১২.৩৮ মিটারে পৌঁছেছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, উজানের বৃষ্টিপাত অব্যাহত থাকলে নদ-নদীর পানির প্রবাহ আরও বাড়তে পারে। তাই সিলেটের নদীসংলগ্ন নিম্নাঞ্চলের পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় পরিচয়পত্র ছাড়া ভোটের নিয়ম কী?

জাতীয় পরিচয়পত্র ছাড়া ভোটের নিয়ম কী?